'মূল প্রার্থী' দাবি দুজনেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন দুজন। যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্রই বৈধ হয়েছে। তাঁরা দুজনই নিজেকে দলের মূল প্রার্থী দাবি করছেন। এ অবস্থায় চূড়ান্তভাবে ধানের শীষ কার হাতে যাবে, তা নিয়ে আলোচনা চলছে।
এ আসনে বিএনপির ১১ জন দলীয় মনোনয়ন চেয়ে ফরম পূরণ করে জমা দেন। বিভিন্ন আসনের মতো এখানে কৌশলগত কারণে দুজনকে দলের মনোনয়ন দেওয়া হয়। তাঁরা হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জালালউদ্দিন ও প্রয়াত প্রতিমন্ত্রী মো. নুরুল হুদার ছেলে মো. তানভীর হুদা।
দলীয় সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হওয়ার পর ধানের শীষের একমাত্র মালিক হওয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও নীতিনির্ধারকদের কাছে নানাভাবে জোর তৎপরতা চালাচ্ছেন ওই দুই নেতাই। ঢাকায় থেকে তাঁদের অনুসারীরাও নিজ নিজ নেতাকে ধানের শীষ পাইয়ে দেওয়ার জন্য অক্লান্ত চেষ্টা-তদবির চালাচ্ছেন।
তানভীর হুদা বলেন, তাঁর প্রয়াত বাবা এ আসনে চারবারের নির্বাচিত সাংসদ। বাবার জনপ্রিয়তা ও তাঁর নিজের স্বচ্ছ ভাবমূর্তি বিবেচনায় এনে দল তাঁর হাতেই ধানের শীষের প্রতীক তুলে দেবে।
তবে জেলা বিএনপির সদস্য এনামুল হক ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক দাবি করেন, এ আসনে তাঁদের দলের মূল প্রার্থী মোহাম্মদ জালালউদ্দিন। বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে মো. তানভীর হুদাকে।
জানতে চাইলে মোহাম্মদ জালালউদ্দিন বলেন, পাঁচ বছর ধরে দলের জন্য অনেক ত্যাগস্বীকার করেছেন। অর্থ ও শ্রম দিয়ে দলীয় নেতা-কর্মীদের চাঙা রেখেছেন। এ জন্য তিনিই ধানের শীষের মূল দাবিদার। তিনি এ আসনে ধানের শীষকে জয়ী করবেন।