'মূল হোতারা গ্রেপ্তার না হওয়া দুঃখজনক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ ওরফে সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধারণ করা আছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন গ্রেপ্তার হলেও মূল হোতারা এখনো গ্রেপ্তার হননি। এটা দুঃখজনক।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নগর ছাত্রলীগের একাংশ আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে মেয়র এসব কথা বলেন। মেয়র অনশনকারী নেতা-কর্মীদের মুখে পানি তুলে দিয়ে অনশন ভঙ্গ করান।
সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে ইঙ্গিত করে অনুষ্ঠানে মেয়র নাছির বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সিটি করপোরেশন প্রতিষ্ঠা করলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে তা পরিচালিত হচ্ছে। এ ক্ষেত্রে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মালিকানা কোনো বিশেষ ব্যক্তি দাবি করতে পারেন না। তিনি নাসিম হত্যাকাণ্ডের জন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেন। তিনি বলেন, একজন ছাত্র খুন হলে প্রশাসনের কর্তাব্যক্তি দায় এড়াতে পারেন না।