‘মূলধনি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্ক হ্রাস দেশীয় শিল্পকে উৎসাহিত করবে’
প্রস্তাবিত বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেছেন, বাজেটে মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, সরকারিভাবে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো ও এসএমই সম্প্রসারণের উদ্যোগ প্রশংসনীয়।মোরশেদ মুরাদ ইব্রাহিম মনে করেন, শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্ক হ্রাস দেশীয় শিল্পকে উৎসাহিত করবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিদ্যমান শুল্কহার বহাল রাখার প্রস্তাবে পণ্যমূল্য ভোক্তাসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে তিনি মন্তব্য করেন।ব্যক্তি খাতে ন্যূনতম করমুক্ত আয়সীমা এক লাখ ৮০ হাজার টাকার পরিবর্তে ন্যূনতম তিন লাখ টাকা হওয়া উচিত বলে মনে করেন চেম্বার সভাপতি। একইভাবে ব্যক্তিশ্রেণীর করদাতাদের ন্যূনতম প্রদেয় কর দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করায় সাধারণ করদাতাদের ওপর বিরূপ প্রভাব পড়বে বলে তিনি মনে করেন।এ ছাড়া পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ডিভিডেন্ড প্রদান করার পর ১০ শতাংশ কর রেয়াত প্রত্যাহার করায় কোম্পানিগুলো ডিভিডেন্ড প্রদানে নিরুৎসাহিত হবে বলে মন্তব্য করেন তিনি।