ফরিদপুর সদরের নর্থ চ্যানেল, চরমাধবদিয়া ও ডিক্রিরচর—এ তিনটি ইউনিয়নের চর এলাকায় ৫৬টি গ্রামের প্রায় ৩৪ হাজার লোকের বাস। পদ্মা ও এর শাখা নদী দিয়ে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বিস্তীর্ণ এই জনপদের মানুষের জন্য সরকারি-বেসরকারি কোনো হাসপাতাল বা ক্লিনিক নেই। তাই এসব এলাকার লোকজনকে চিকিৎসাসেবা পেতে মূল ভূখণ্ডে যেতে হয়। এতে যেমন তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে, পাশাপাশি মূল ভূখণ্ডে পৌঁছানোর আগেই অনেক রোগীর মৃত্যু হয়। ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদিকুজ্জামান পাল বলেন, ইউনিয়নের চর এলাকার কেউ অসুস্থ হলে তাকে নৌকায় করে মূল ভূখণ্ডে নিয়ে যেতে হয়। গত ছয় মাসে হূদেরাগে আক্রান্ত তিনজন রোগী হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। চরে স্বাস্থ্যসেবা না পেয়ে কোনো কোনো প্রসূতির মৃত্যু হয়। তিনি আরও বলেন, ‘চর এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম না থাকায় জনপ্রতিনিধি হয়েও এসব মৃত্যু ও ভোগান্তি অসহায় দৃষ্টিতে দেখা ছাড়া আমাদের কিছুই করার থাকে না।’ নর্থ চ্যানেল ইউনিয়নের আবদুল খাঁর ডাঙ্গি গ্রামের শেখ সোনা মিয়া (৪৫) বলেন, ‘তিন মাস আগে রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফেরার পথে ডাকাতেরা কোপাইয়া সব টাকা নিয়া যায়। এখানে কোনো হাসপাতাল নেই। তাই ঘোড়ার গাড়ি, নৌকা চইড়া গাঙ্গ পাড়ি দিয়া ফরিদপুর সদর হাসপাতালে যাইতে রাইত তিনটা বাইজা যায়। সারা রাইত ব্যথায় কাতরাইয়াছি, অনেক রক্তও ঝইরা গেছে।’তাইজদ্দিন মাতুব্বরের কান্দি গ্রামের মনিরুদ্দিন ব্যাপারী (৬৫) বলেন, ‘চরে কোনো হাসপাতাল বা ক্লিনিক না থাকায় অন্তঃসত্ত্বাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। প্রসব বেদনা উঠলে ঘোড়ার গাড়ি, নৌকা জোগাড় কইরা শহরের নিতে নিতে অনেকে মারা যায়। আমার মেয়ে অন্তঃসত্ত্বা হাসিনা বেগম (২৫) হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে।’ নর্থ চ্যানেল ইউনিয়নের চর এলাকায় যে কয়েকটি ওষুধের দোকান আছে, সেখানে নির্দিষ্ট কিছু ওষুধ ছাড়া অন্য ওষুধ পাওয়া যায় না। নর্থ চ্যানেল ইউপি সূত্রে জানা গেছে, ইউনিয়নের সবচেয়ে বেশি, অর্থাৎ ১৮ হাজার লোকের বাস চর এলাকায়। চরমাধবদিয়া ইউপির চেয়ারম্যান তুহিনুর রহমান মণ্ডল জানান, ইউনিয়নের ১৩টি গ্রামের প্রায় সাড়ে ১২ হাজার লোকের চরে বসবাস। ওই এলাকায় কোনো হাসপাতাল বা ক্লিনিক নেই। কেউ অসুস্থ হয়ে পড়লে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া সম্ভব নয়।ডিক্রিরচর ইউপি সূত্র জানায়, ইউনিয়নের তিন হাজার লোক চর এলাকায় বাস করে।ফরিদপুর সদর আসনের সাংসদ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, বিএনপির আমলে বন্ধ হওয়া কমিউনিটি ক্লিনিকগুলো পরিপূর্ণভাবে চালু করা হলে এ সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার বলেন, নর্থ চ্যানেল ইউনিয়নের চর এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া ডিক্রিরচর ও চরমাধবদিয়ার চরাঞ্চলেও কমিউনিটি ক্লিনিক নির্মাণের প্রস্তাব পাঠানো হবে।