‘মৃত্যু মোরছালিনকে চিরমুক্তি দিয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মম নির্যাতনের শিকার নরসিংদীর ইউএমসি জুট মিলের শ্রমিক মোরছালিন মিয়া শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। দীর্ঘ ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।মোরছালিনের বাবা ইউএমসি জুট মিলের কর্মচারী নেছার উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসীদের নির্যাতনে প্রতিনিয়ত মৃত্যুযন্ত্রণা ভোগ করছিল সে। আজ (গতকাল) মৃত্যু তাকে সব যন্ত্রণা থেকে চিরমুক্তি দিয়েছে।’গত ২৯ মার্চ রাতে দুর্বৃত্তরা সদর উপজেলার নাগরিয়াকান্দীর বাসিন্দা মোরছালিনের হাতের আঙুলের নখ উপড়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আগুনে মোরছালিনের শরীরের ৫৫ ভাগ পুড়ে যায়। মোরছালিনের ওপর হামলার ঘটনায় তাঁর বাবা মৌলভি নেছার উদ্দিন ৬ এপ্রিল নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন। কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। উল্টো ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, মোরছালিন ইউএমসি জুট মিল স্কুলের এক ছাত্রীকে ভালোবাসতেন। পারিবারিকভাবে ওই ছাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান তিনি। মেয়েটির পরিবারও এতে সম্মতি জানায়। মোরছালিনের সঙ্গে ওই ছাত্রীর বিয়ের কথা চলছে, এটি মেনে নিতে পারেনি পাড়ার বখাটেরা। রাতে মোরছালিনকে নাগরিয়াকান্দীর বাড়ির সামনের রাস্তা থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতন চালানো হয়। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আহতাবস্থায় মোরছালিন ঘটনার জবানবন্দি দিয়ে গেছেন। ওই ঘটনার পর থেকে আসামিরা পলাতক। আসামি ধরার চেষ্টা চলছে।