'মৃত্যুকূপকে পরীক্ষার কেন্দ্র করা ঠিক হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পাইলট উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে জেএসসি পরীক্ষা। ১৪০ জন ছাত্রী এ ভবনে পরীক্ষা দিচ্ছে। এ নিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা শঙ্কিত। সাত বছর আগে পাবনা শিক্ষা প্রকৌশল বিভাগ ভবনটি পরিত্যক্ত ঘোষাণা করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের সচিব আফসার আলী জানান, পরিত্যক্ত ওই ভবনে পরীক্ষা না নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি। এখন পরিত্যক্ত ভবনটিতে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের। তা ছাড়া শুধু এবার নয়, বিদ্যালয়টি পাবলিক পরীক্ষার কেন্দ্র হওয়ায় এখানে প্রতিবছরই সমাপনী, জেএসসি ও এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিবছরই এ রকম ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের।
সরেজমিনে দেখা গেছে, দ্বিতল ভবনটির নিচতলার তিনটি কক্ষে চলছে পরীক্ষা। কক্ষগুলোর ছাদ স্যাঁতসেঁতে, পলেস্তারা খুলে পড়ে রড বেরিয়ে এসেছে। এবারের জেএসসি পরীক্ষার্থী আঞ্জুমান জানায়, পরীক্ষার সময় ছাদ থেকে মাঝেমধ্যেই বালি ঝুরঝুর করে পড়ে খাতা ও পোশাক নষ্ট হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থীর বাবা জানান, নিশ্চিন্ত একটি মন নিয়ে তাঁর মেয়ে পরীক্ষা দিতে এলেও ভবনটির ভেতরে ঢুকে ঘাবড়ে গেছে। তিনি নিজেও ভয়ে আছেন। ওই অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জেনেশুনে এমন একটি মৃত্যুকূপকে পরীক্ষার কেন্দ্র করা ঠিক হয়নি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান ঝুঁকিপূর্ণ ভবনে পরীক্ষা গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, বিকল্প না থাকায় এ ভেন্যু নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। শিক্ষা প্রকৌশল বিভাগের গুরুদাসপুরের সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, সাত বছর আগেই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।