‘মৃত্যুপুরী’তে ২০০ মানুষের বাস
এক-দেড় শ বছরের পুরোনো ভবন পাঁচটির কাঠামো ছাড়া কিছুই আর অবশিষ্ট নেই। ভবনের পলেস্তারা ও ইট খসে পড়ছে। কোথাও কোথাও ছাদের রড বেরিয়ে পড়েছে। মাদারীপুরের শিবচর পৌর এলাকায় এমন ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষকদের পরিবারসহ ৪৩টি পরিবারের দুই শতাধিক মানুষ বাস করছে। যেকোনো সময় ভবনগুলো ধসে মৃত্যুপুরীতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।‘যুদ্ধের পরে আমাগো বাড়ির জায়গা দখল কইরা নিয়া গেছিল। তাই তহন নিরুপায় হইয়া এই পুরান বিল্ডিংয়ে উঠছিলাম। উপায় না পাইয়া আমাগো কোঠাতেই দুই ছেলে, ছেলের বউ, নাতি-নাতনি নিয়া ১১ জন থাকি। এই বিল্ডিং যদি ভাইঙ্গা ফেলে, তাইলে তো আমাগো ছাড়তে অইবো। আর একবার ছাড়লে কি আমরা আর ফিরতে পারমু?’ এমন জিজ্ঞাসা শিবচর পৌর এলাকার বাসিন্দা সন্ধ্যা রানী সাহার।ব্যবসায়ী সুধীর সাহা বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের পর ১৯৭২ সাল থিকা এই ভবনে আছি। ১৯৮২ সালের পর থেকে সরকার আমাগো কাছ থিকা ছয় বছর পর্যন্ত খাজনা নিছিল। এরপর আর নেয় নাই। তবে এই জমি আমাগো নামেই নথিভুক্ত করছে। ভাঙাচোরা ভবনে থাকতে ভয় লাগে। কিন্তু যামু কই? এই জায়গা একবার ছাড়লে আর উঠতে পারমু না। তাই মৃত্যুর ঝুঁকি নিয়াই থাকি।’সরেজমিনে দেখা যায়, শিবচরের বাবুবাড়িখ্যাত ওই এলাকায় তিনটি ভবন ও রিজিয়া বেগম মহিলা কলেজের শিক্ষকদের দুটি আবাসিক ভবন রয়েছে। এর কোনোটি প্রায় দেড় শ, আবার কোনোটি এক শ বছরের পুরোনো পাকা বাড়ি। বাবুবাড়ির তিনটি ভবনে ৩৫টি পরিবার ও কলেজ ভবনে আটটি পরিবারের লোকজন (শিক্ষকদের) বাস করে। জরাজীর্ণ ভবনগুলোর একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। খসে পড়েছে পলেস্তারা ও ইট, কোথাও কোথাও ছাদের রড বেরিয়ে পড়েছে। ভবনগুলোর গায়ে গজিয়ে উঠেছে পরগাছা। এর কোনো কোনোটি দেয়াল ভেদ করেছে, কোনোটি দেয়ালজুড়ে ছড়িয়ে আছে।রিজিয়া বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক বাবুল আশরাফ বলেন, ‘পরিত্যক্ত ভবনটি রোদ হলে ঘেমে কাদা কাদা হয়, আর বৃষ্টি হলে শুকিয়ে যায়। এখানে থাকার পরিবেশ নেই। তাও থাকতে হয়।’কলেজের অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া বলেন, ‘প্রায় ১৫ বছর আগে সরকার থেকে এ ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে লিখিত কোনো কাগজ আছে কি না, তা দেখি নাই। কলেজ পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, কলেজের দুটি আবাসিক ভবন অপসারণের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।’শিবচর পৌরসভার সাবেক মেয়র আবদুল লতিফ মোল্লা বলেন, ‘বাবুবাড়ির পাকা ঘরগুলো প্রায় এক থেকে দেড় শ বছর আগের। এ ভবনগুলোর মাঝ দিয়ে পৌর এলাকার পাকা রাস্তা নেওয়া হয়েছে। এখান দিয়ে ছাত্রছাত্রীসহ শত শত মানুষ যাতায়াত করে। শিগগির এগুলো ভেঙে ফেলার ব্যবস্থা নেওয়া দরকার। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’উপজেলা ভূমি কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ৬ জুন উপজেলা পরিষদে সভা হয়। এতে ভবনগুলোর অবস্থা সম্পর্কে জানতে উপজেলা প্রকৌশলীকে তদন্তের ভার দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তাঁকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইউএনও বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘অপসারণ করা হলে ভবনগুলোর জায়গাতে বর্তমান বসবাসকারীরাই টিনশেডের ঘর তুলে থাকার সুযোগ পাবেন। অন্য কেউ এখানে থাকতে পারবেন না।’