'মৃত' গৃহবধূকে জীবিত উদ্ধার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পানিশাইল এলাকার এক গৃহবধূকে হত্যা ও লাশ গুমের অভিযোগ এনে থানায় মামলা করেন তাঁর বাবা। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তারও করে। ২০ দিন পর গত শুক্রবার দিবাগত রাতে তাঁকে জীবিত উদ্ধার করে পুলিশ। মামলার এজাহার ও পুলিশের কাছ থেকে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার পানিশাইল এলাকার শরিফুল ইসলামের ছেলে আতাউর রহমানের (৩৩) সঙ্গে আশুলিয়া থানার গাজীবাড়ী এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে দেলোয়ারা আক্তারের (২৬) প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জের ধরে গত ১৯ অক্টোবর রাতে দেলোয়ারা আক্তার স্বামীর বাড়ি থেকে চলে যান। ওই ঘটনায় ২৪ অক্টোবর ওই গৃহবধূর বাবা বাদী হয়ে গাজীপুরে আদালতে মামলা করেন।
দেলোয়ার হোসেন মামলার এজাহারে উল্লেখ করেন, ১৯ অক্টোবর তাঁর মেয়ের স্বামী আতাউর রহমান দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেওয়ায় তাঁর মেয়েকে মারধর এবং হত্যা করেন। হত্যার পর তাঁর লাশটিও গুম করা হয়েছে। ওই আদালতের বিচারক জয়দেবপুর থানা পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে জয়দেবপুর থানা পুলিশ ৬ নভেম্বর মামলাটি গ্রহণ করে এবং ওই দিনই পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূর স্বামীর ভাতিজা মো. হারুন মিয়াকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোপন সংবাদে খবর পেয়ে গত শুক্রবার মধ্যরাতে গাজীবাড়ী এলাকায় মামলার বাদীর বাড়িতে অভিযান চালিয়ে ‘নিহত ও গুম’ হওয়া গৃহবধূ দেলোয়ারা আক্তারকে উদ্ধার ও আটক করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার বাদী দেলোয়ার হোসেন পালিয়ে যান। গত শনিবার সকালে দেলোয়ারাকে আদালতে পাঠানো হয়। সেখানে তিনি ১৬৪ ধারায় মিথ্যা ও সাজানো মামলা করা হয়েছে বলে স্বীকারোক্তি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার করা হবে। আর মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিকেও জামিনের ব্যবস্থা করা হবে।