‘মৃত’ মোসলেমের ফেরা
২৩ বছর আগে ১৯৮৯ সালে নিখোঁজ হয়েছিলেন মোসলেমউদ্দীন সরকার। পরিবারের সদস্যরা ধরেই নিয়েছিলেন, মোসলেম আর বেঁচে নেই। কিন্তু গত মে মাসে অজ্ঞাত এক ব্যক্তির টেলিফোন আসে। অপর প্রান্ত থেকে জানানো হয়, তিনি বেঁচে আছেন। বন্দীজীবন কাটাচ্ছেন পাকিস্তানের একটি কারাগারে। অবশেষে গত মঙ্গলবার পরিবারের কাছে ফিরে আসেন ৫২ বছর বয়সী মোসলেমউদ্দীন।পাকিস্তানি কর্মকর্তারা সোমবার রাতে করাচির একটি কারাগার থেকে মুক্তি দেন মোসলেমকে। এরপরই তাঁকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। শ্মশ্রুমণ্ডিত ও তীক্ষদৃষ্টির অধিকারী মোসলেম যখন ঢাকা বিমানবন্দরে পৌঁছান, তখন তাঁকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। তাঁকে কাছে পেয়ে তাঁর ভাই সেকেন্দার আলী আনন্দে বুকে জড়িয়ে ধরেন। সেকেন্দার আলী বলেন, তিনি বিশ্বাস করতে পারছিলেন না, তাঁর ভাই বেঁচে আছেন এবং ফিরে এসেছেন। এ সময় মোসলেম আনন্দে কেঁদে ফেলেন।চট্টগ্রাম বিমানবন্দরে ডক শ্রমিক হিসেবে কাজ করতেন মোসলেম। কাজ থেকে দেশের উত্তরাঞ্চলে বিষ্ণুপুরে গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। এক সকালে শিপইয়ার্ডে কর্মক্ষেত্রে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। তার পর থেকে তাঁর আর কোনো খবর নেই। পরে সেকেন্দার আলী তাঁকে খুঁজতে চট্টগ্রাম শিপইয়ার্ডে যান। সেখানে তাঁকে জানানো হয়, মোসলেম কাজে ফেরেননি। এরপর দিন মাস বছর যায়। মোসলেমের কোনো খবর নেই। পরিবারের সবাই ধরেই নিয়েছিলেন, তিনি আর নেই। অজ্ঞাত ওই ব্যক্তির টেলিফোন পাওয়ার পর রেডক্রসের সহযোগিতায় করাচির কারাগারে মোসলেমের সন্ধান মেলে। নিখোঁজ হওয়া ও পাকিস্তানের কারাগারে বন্দী হওয়ার ব্যাপারে মঙ্গলবার বাসায় ফেরার পর মোসলেমকে জিজ্ঞাসা করা হলে তিনি এ নিয়ে কিছু বলতে অনিচ্ছা প্রকাশ করেন। শুধু বলেন, ১৯৮৯ সালে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে যান। আসাম ও মেঘালয়ে কয়েক মাস অবস্থান করে নয়াদিল্লি যান। পরে সেখানে বিয়ে করেন। ১৯৯৭ সালে পাকিস্তানে ঢোকার চেষ্টাকালে সীমান্তে আটক হন। তখন তাঁর কাছে কোনো ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছিল না। এরপর থেকে গত ১৫ বছর পাকিস্তানের কারাগারে তাঁর জীবন কাটে। এপি।