‘মেকাপ লিবেন, মেকাপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেকাপ লিবেন, মেকাপ’—এ রকম হাঁক ছেড়ে গোটা হাট ঘুরে বেড়াচ্ছেন তছলিম উদ্দিন (৪৫)। প্রতিবছরের কোরবানির ঈদের আগে কয়েকটা দিন তিনি গবাদিপশুর সাজানি বিক্রির মৌসুমি ব্যবসায় নেমে পড়েন। বাকি সময় রিকশা চালান। লাভ বেশ ভালো। কোনো দিন ৩০০ টাকা আবার কোনো দিন ৪০০ টাকা। তছলিম উদ্দিনের মতে, বছরের মাত্র কয়েকটা দিনই এ ব্যবসা করা যায়। শুধু তছলিম উদ্দিনই নন, তাঁর মতো অনেকেই ঈদুল আজহা সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গবাদিপশুর সাজানি বিক্রির মৌসুমি ব্যবসায় নেমে পড়েছেন। অনেকেই আবার বিভিন্ন শহরের গেছেন বেশি লাভের আশায়। যেকোনো হাটে গেলে এখন এসব পণ্য সবার দৃষ্টি কাড়বে। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ পশুর হাট মহাস্থানগড়ে শনিবার গিয়ে দেখা যায়, হাটে ঢোকার মুখেই গবাদিপশুর বিভিন্ন সাজানি নিয়ে ব্যবসায়ীরা এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছেন। মালাসহ গরু ও ছাগলের শিংয়ে দেওয়ার জন্য কাপড়ের শিং-কভার, গরুর মাথায় দেওয়ার জন্য নকশি করা কাপড়ি রুমাল, বেঁধে রাখার দড়ি, মুখা—এককথায় গরু সাজানোর জন্য যাবতীয় পণ্য পাওয়া যাচ্ছে তাঁদের কাছে।প্রতিটি মালা বিক্রি হচ্ছে ১০ থেকে ৩০ টাকায়। দড়ি পাটের ৮ থেকে ১২ টাকা, নাইলনের দড়ি ১৫ থেকে ২৫ টাকা, বাঁশের কঞ্চি বা লাঠি প্রতিটি ১০ টাকা, জরি ১০ থেকে ৫০ টাকা, পাটের মালা ১০ থেকে ২৫ টাকা, মুখা ১৫ থেকে ২০ টাকা, শিং-কভার প্রতি জোড়া ২০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া হাটের মধ্যেই পাওয়া যাচ্ছে গরুর খাদ্য। বিভিন্ন এলাকা থেকে সবুজ ঘাস নিয়ে আসছেন কেউ কেউ। গরু বিক্রেতা আবুল কাশেম জানান, মোটাতাজা গরুর গলায় মালা পরিয়ে সাজগোজ করে রাখলে ক্রেতাদের সে গরু নজর কাড়ে। তাতে দাম পাওয়া যায় ভালো। এ কারণে তিনিও গরুর শরীর সাজিয়েছেন। হাটের ভেতরে একটি বাঁশের লাঠিতে গবাদিপশুর বেশ কিছু সাজানি নিয়ে ফেরি করছিলেন আকবর আলী (৪৫)। তিনি নিজ হাতে গরু সাজিয়ে দিচ্ছেন। তিনি বলেন, ‘বড়লোকদের কেনা গরু সাজিয়ে দিলে বকশিশ পাওয়া যায় ভালো।’ কেউ কেউ ২০ টাকা থেকে ৫০ টাকাও বখশিশ দেন বলে তিনি জানান। তাঁর মতে, এ উপজেলায় এ মৌসুমি ব্যবসায় অনেকেই নেমেছেন।