'মেগা প্রকল্পে দুর্নীতি বেশি, তাই আগ্রহও বেশি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘বিদ্যুৎ উৎপাদনের অনেক সহজ ও তুলনামূলক কম খরচের বহু বিকল্প বাংলাদেশের আছে বলে আমরা সরকারকে জানিয়েছি। কিন্তু সরকার সেগুলো বুঝতে চায় না। যে প্রকল্পে খরচ বেশি সে প্রকল্পে সরকারের আগ্রহও বেশি। কারণ, মেগা প্রকল্প হলে সেখান থেকে কমিশন, চুরি, দুর্নীতি ও লুণ্ঠনের সুযোগ বেশি থাকে।’
গতকাল সোমবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তি বাতিল করে সুন্দরবন রক্ষায় ‘দাবি দিবস’-এ কমিটির সদস্যসচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ এসব কথা বলেন।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘দেশের এক মন্ত্রী বলেছেন, বুড়িগঙ্গা নদীকে তাঁরা হাতিরঝিলের মতো বানাবেন। যাঁরা ঝিল আর নদীর পার্থক্য জানেন না, খনিজ কয়লার সঙ্গে কাঠ কয়লার পার্থক্য বোঝেন না, ধ্বংসের সঙ্গে উন্নয়নের পার্থক্য বোঝেন না এবং দেশের স্বার্থের সঙ্গে কতিপয় লুটেরার স্বার্থের পার্থক্য করতে পারেন না, তাঁদের হাতে দেশের মানুষ আজ জিম্মি।’
গতকাল দাবি দিবসের বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্ক্সবাদী) শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।