‘মেঘনা থেকে জলদস্যুদের উৎখাত করতে হবে’
ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, মেঘনার মধ্যে জেগে ওঠা চরে কোনো জলদস্যু ও প্রভাবশালী দখলদারের আস্তানা গড়তে দেওয়া হবে না। জলদস্যু-লুটেরাদের উৎখাত করতে হবে।গতকাল রোববার দুপুরে ভোলা জেলা প্রশাসন মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির এক সভায় প্রধান বক্তার বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, পেটানো জালসহ সব অবৈধ জাল পুড়িয়ে ফেলতে হবে। কারণ, আজ যারা মাছ ধরছে তারা আসলে জেলে নয়, তারা মেঘনার ভাঙনে জেলে হতে বাধ্য হয়েছে। বড় কষ্টে তারা দিন অতিবাহিত করছে।সভায় কমিটির নিয়মিত সদস্যরা বলেন, ভোলার চরফ্যাশনের সাগর মোহনা, তজুমদ্দিন, মনপুরার মেঘনা ও সাগর মোহনায় জলদস্যুর উপদ্রব বৃদ্ধি পেয়েছে। মনপুরার ঢালচরে স্বপন বাহিনী ও নাইম বাহিনীর সদস্যরা গত এক সপ্তাহে ২৫টি ট্রলারে ডাকাতি করেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা হারিয়ে দস্যুদের টাকা দিয়ে ওই নৌকা ছাড়িয়ে আনছে জেলেরা। তাঁরা বলেন, ভোলা ও দৌলতখানের মেঘনার মাঝে একদল প্রভাবশালী সন্ত্রাসী মেঘনার চর দখল করে পেটানো জালসহ অবৈধ জাল দিয়ে মাছ ধরছে। সাধারণ জেলেদের নদীতে নামতে দিচ্ছে না। নামলে তাদের জাল-মাছ ছিনতাই করছে। কিন্তু কোস্টগার্ড সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না। তারা কিছু জাল-জাটকা ধরে দায়িত্ব শেষ করছে। এ সমস্যা দূর না হলে অসহায় জেলেরা না খেয়ে মারা যাবে।