'মেদ' জমছে সরঞ্জামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাইরে তালা, ভেতরে পড়ে আছে শরীরচর্চার কয়েকটি সামগ্রী। রসুলবাগ জিমনেসিয়াম থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
বাইরে তালা, ভেতরে পড়ে আছে শরীরচর্চার কয়েকটি সামগ্রী। রসুলবাগ জিমনেসিয়াম থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

শরীরচর্চা

সুস্থ থাকা এবং স্বাস্থ্য রক্ষায় নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। কিন্তু পাড়া-মহল্লায় খেলার মাঠ নেই বললেই চলে। অধিকাংশ স্কুলেও থাকে না খেলার জায়গা। থাকলেও সময় মিলিয়ে খেলার সুযোগ পায় না সবাই। তাই গড়ে উঠছে ব্যায়ামাগার। ঢাকার দুই সিটি করপোরেশনেরও আছে এমন ৩০টি শরীরচর্চাকেন্দ্র। সেগুলোর হাল অবস্থা জানা যাবে এই আয়োজনে

শরীরচর্চাকেন্দ্রের কলাপসিবল গেটে বাইরে থেকে তালা দেওয়া। ভেতরে পড়ে আছে পাঁচ-ছয়টি শরীরচর্চার সরঞ্জাম। এসব সরঞ্জামের ওপর পড়েছে ধুলার আস্তরণ। মরিচাও পড়েছে সেগুলোতে। দেখে বোঝা যায়, সরঞ্জামগুলো ব্যবহৃত হয়নি অনেক দিন। ভেতরের দেয়ালে ঝুলছে একটি আয়না। সেটিতে চিড় ধরেছে।

এই চিত্র রসুলবাগ শরীরচর্চাকেন্দ্রের। আজিমপুরের রসুলবাগ শিশুপার্কের ভেতর তিনতলা ভবনের নিচতলায় এই শরীরচর্চাকেন্দ্র অবস্থিত।

স্থানীয় লোকজন বলেন, ২০০৬ সালে শরীরচর্চাকেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। তবে চালুর কয়েক বছরের মধ্যেই সেটি বন্ধ হয়ে যায়। মাঝেমধ্যে খোলা হলেও মানুষ সেখানে ব্যায়াম করতে যায় না।

গতকাল শরীরচর্চাকেন্দ্রে গিয়ে সেটির দেখাশোনার দায়িত্বে থাকা মো.¯বাবুল মিয়াকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন বলেন, ভবনটির দ্বিতীয় তলা লালবাগ থানা যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ডের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়।

পার্কে কথা হয় হারুন নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘এখন ঈদের ছুটি চলছে। তাই পুরো ভবন বন্ধ। এখানকার দেখাশোনার দায়িত্বে থাকা লোকটিও ছুটিতে আছেন।’

শিশুপার্কের একটি বেঞ্চে বসে থাকা তরুণ ব্যবসায়ী মো. রায়হান খান বলেন, একসময় জিমটা চালু ছিল। ছয়–সাত বছর ধরে বন্ধ।

রসুলবাগ এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, ২০০৬ সালে ব্যায়ামাগারটি স্থাপিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় কিছুদিন সেটি চলে। পরে বন্ধ হয়ে যায়। তিনি বলেন, প্রতিষ্ঠার সময় সিটি করপোরেশন থেকে কিছু সরঞ্জাম কিনে দেওয়া হয়েছিল। সে সময় ব্যায়ামাগারটি চলত। ক্ষমতা বদলের পর বন্ধ হয়ে যায়। 

জিমনেসিয়ামটি ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন। এ বিষয়ে বক্তব্য জানতে ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাসিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ডিএসসিসির অঞ্চল-৩–এর সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘আনুষ্ঠানিকভাবে এ জিম আমরা বন্ধ করিনি। সকালে ও বিকেলে খোলা হয়। তবে সদস্য খুব কম এবং এর অনেক সমস্যা আছে। এখানে যন্ত্রপাতিও কম। সেগুলো বেশ পুরোনো। প্রশিক্ষক নেই।’ তিনি বলেন, শরীরচর্চাকেন্দ্রটি দেখাশোনার দায়িত্বে থাকা মো.¯বাবুল মিয়া ছুটি নেননি। তাঁর শরীরচর্চাকেন্দ্রে থাকার কথা।

ডিএসসিসির সমাজকল্যাণ ও সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা এস এম তুহিনুর আলম বলেন, সিটি করপোরেশনের সব শরীরচর্চাকেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র এবং কমিউনিটি সেন্টার অত্যাধুনিক করার জন্য মেগা প্রকল্প নেওয়া হয়েছে। এগুলো নিয়ে কাজ চলছে। এ কারণে এগুলো যে অবস্থায় আছে, সে অবস্থায় রাখা আছে। খুব শিগগির এগুলো আধুনিকায়নের কাজ শুরু হবে।