'মেয়র নেই, রিকশা লেনও নেই'

সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর স্থাপন করা নগরের কেন্দ্রস্থলের সেই রিকশা লেন উচ্ছেদ করছে সিটি করপোরেশন। গতকাল শনিবার সকাল থেকে সিটি করপোরেশনের একদল কর্মী লেনের লোহার লাইন কেটে উচ্ছেদ কার্যক্রম শুরু করেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব গতকাল প্রথম আলোকে বলেন, রিকশা লেনসহ আশপাশের এলাকা স্থায়ীভাবে হকারমুক্ত করতে সম্প্রতি আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী লেন গুটানো হচ্ছে।
গত বছরের মার্চে সিটি করপোরেশনের মেয়র থাকাকালে আরিফুল হক রিকশা লেন পদ্ধতি চালু করেছিলেন। শুরুতে পরীক্ষামূলক রশি দিয়ে লেন তৈরি করে দুই সপ্তাহ পর স্থায়ী রূপ দেওয়া হয়েছিল। এ নিয়ে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশ হয়। প্রায় দেড় বছরের মাথায় সেই রিকশা লেন সিটি করপোরেশনই গুটাচ্ছে। ‘মেয়র নেই, রিকশা লেনও নেই,’ অনেককে এমন মন্তব্য করতে শোনা গেছে।
আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে গত বছরের ৩১ ডিসেম্বর থেকে কারাবন্দী রয়েছেন। হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় গত ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় আরিফুলকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।
কোর্ট পয়েন্ট থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত প্রায় ২৫০ মিটার দূরত্বের এ রাস্তায় গত বছরের ৩ মার্চ থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করতে তিনটি লেন তৈরি করা হয়েছিল। যানজট নিরসনে রিকশার আসা-যাওয়ার জন্য দুটি এবং ব্যক্তিগত গাড়ি, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের জন্য একটি। দুই সপ্তাহ পর স্থায়ীভাবে স্টিলের শেকলের বেষ্টনী দিয়ে লেন পদ্ধতি পাকাপোক্ত করা হয়।
রিকশা লেন হওয়ায় নগরের কেন্দ্রস্থলের যানজট পরিস্থিতি একধরনের শৃঙ্খলার মধ্যে এসেছিল বলে একাধিক রিকশাচালক জানিয়েছেন। গতকাল সকাল থেকে উচ্ছেদ কার্যক্রম দেখে ‘মেয়র নেই, রিকশা লেনও নেই,’ বলে রিকশাচালকদেরও ক্ষোভ প্রকাশ করতে শোনা গেছে। গতকাল দুপুরের পালায় কোর্ট পয়েন্টে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য বলেন, লেন গুটানোয় পুরো এলাকা রিকশার চলাচল আর নির্দিষ্ট থাকবে না। এতে করে যানবাহন চলাচলের ক্ষেত্রে ফের অরাজকতা দেখা দেবে।
একই রকম প্রতিক্রিয়া নাগরিক সংগঠনগুলোরও। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি যতটুকু জানি, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপের পর আরিফুল হক সিলেটে এ পদ্ধতি চালু করেছিলেন। এতে আমরা দেখেছি যানজট নিয়ন্ত্রিত হচ্ছিল, শৃঙ্খলাও এসেছিল। নগরে নতুন একটি পদ্ধতি সুরক্ষা না করে এভাবে উচ্ছেদ করা একধরনের প্রতিহিংসা বলা চলে।’