'মেয়র পদে একজনও নারী প্রার্থী নেই, দুঃখজনক'
বাংলাদেশে রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন হয়েছে। তবে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের সবাই পুরুষ। একজনও নারী মেয়র পদপ্রার্থী নেই-বিষয়টি খুবই দুঃখজনক।
আজ বুধবার প্রথম আলো আয়োজিত ‘স্থানীয় সমস্যা নিরসনে নারী কাউন্সিলর প্রার্থীদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আলোচকেরা এ কথা বলেন। কাউন্সিলর পদে যে নারীরা নির্বাচন করছেন তাঁরা নিজেদের যাতে পুরুষের চেয়ে দুর্বল না ভাবেন সে বিষয়টিতেও জোর দেন আলোচকেরা।
কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এবার সাধারণ আসনের তিনজন কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন। সাধারণ আসনের আরেক কাউন্সিলর প্রার্থী শিরিন রুখসানা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় তাঁর মেয়ে আফসানা তাহসীন বৈঠকে উপস্থিত ছিলেন। পোশাকশিল্পের নারী শ্রমিক, বস্তিবাসী নারী ও তরুণ সমাজের প্রতিনিধিরা কাউন্সিলর প্রার্থীদের কাছে তাঁদের প্রত্যাশা তুলে ধরেন। সব বাধা বিপত্তি পার হয়ে নির্বাচিত হতে পারলে ঢাকা উত্তর ও দক্ষিণের কাউন্সিলর হিসেবে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন বৈঠকে উপস্থিত প্রার্থীরা।
বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক জারিনা রহমান খান বলেন, সিটি নির্বাচনে সবাই শুধু মেয়র মেয়র করছে। মেয়র প্রার্থীরা কে কী করবেন তা নিয়ে সবাই ব্যস্ত। কাউন্সিলরদের কথা কেউ বলছে না। অথচ মেয়র এককভাবে কিছু করতে পারবে না। অন্যদিকে কাউন্সিলরদের মনে রাখতে হবে ভোটাররা ভোট দিয়ে তাঁদের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছে। তাই মশা মেরে বাহবা নেওয়ার কিছু নেই। কাউন্সিলর মশা মেরে কাউকে দয়াও করছেন না। সিটি করপোরেশনের নির্দিষ্ট যে কাজ তার সবই কাউন্সিলরদের করার কথা। এখানে নারী বা পুরুষ কাউন্সিলর আলাদা কেউ নন। মেয়র পুরো কাজ বাস্তবায়ন করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন ঢাকা শহর আবর্জনার শহরে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন। তিনি নারী কাউন্সিলর প্রার্থীরা যাতে নিজেদের দুর্বল না ভাবেন সে আহ্বান জানান।
কাবেরী গায়েন বলেন, নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও নারী নিরাপদ নয়। বোরকা পরলেও আশপাশের অনেক পুরুষ সেই নারীকে উত্ত্যক্ত করতে ছাড়ে না। যাতায়াত সমস্যা তো আছেই। তাই নারী কাউন্সিলর প্রার্থীদের কাছে প্রত্যাশার পরিমাণটা অনেক বেশি। যে প্রার্থীরা নির্বাচিত হবেন তাঁরা যেন এ ধরনের সমস্যাগুলো জোরালো ভাবে কাউন্সিলে উত্থাপন করেন সে আহ্বান জানান কাবেরী গায়েন।
নারী মেয়র নেই: ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি কেটি ক্রোক বলেন, এবার সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী একজনও নারী নেই। কেনো নেই? একজন নারীও না থাকাটা খুব দুঃখজনক। কেননা নারীদের সমান অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব না। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে কার্যকরী করার জন্য নারী নেতৃত্ব বাড়াতে হবে।
প্রার্থীদের কাছে প্রত্যাশা: রাজধানীর হাজারীবাগ এলাকার বস্তিবাসী অধিকার সুরক্ষা কমিটির সভাপতি হোসনে আরা রাফেজা বলেন, ‘আমরা বস্তিবাসীরা কিন্তু ভোটার। একদিনের কাজের হাজিরা মাইর দিয়া ভোট দেই। তবে ভোটের পরের দিনই গেলে কাউন্সিলরা ঘুম থেকে ওঠেননি বলে পরে আসতে বলেন। এই কথা শুনতে চাই না। অভিভাবক হিসেবে পাশে চাই।’
হোসনে আরা জানালেন, ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে বস্তিবাসী অধিকার সুরক্ষা কমিটি কাজ করছে। নির্বাচিত কাউন্সিলররা চাইলে এই কমিটির সদস্যরা সব ধরনের সহায়তা করবে। হোসনে আরা বস্তিবাসীদের আবাসন, স্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জানালেন, বস্তিবাসীরা শহরে বাস করলেও সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
পোশাকশিল্প শ্রমিক রাশিদা আক্তার শ্রমিক ফেডারেশনের একজন নেত্রী। কাউন্সিলর, মেয়র কী জিনিস তা তিনি বোঝেন না। আট বছর ধরে ঢাকায় কাজ করলেও এ পর্যন্ত কোনো সমস্যার জন্য এ ধরনের কারো কাছে কখনো যাননি। তবে তিনি জানেন, পোশাকশিল্পের মালিকেরা শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে চায় না। দাবিদাওয়া জানালে মালিকেরা শুধু তাদের ক্ষতির কথা বলেন। তাই নির্বাচিত কাউন্সিলরের কাছে দাবি শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে যাতে ভূমিকা রাখেন।
সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডিবেট অ্যান্ড কুইজ সোসাইটির সভাপতি অনিন্দ্য শামস জানালেন, বেশির ভাগ মানুষই জানেনা কাউন্সিলরদের আসলে কাজ বা দায়িত্ব কি। এখন যে মেয়র পদপ্রার্থীরা গাছে পানি দিচ্ছেন বা রাস্তাঘাট ঝাড়ু দিচ্ছেন নির্বাচিত হলে সেই মেয়রকেই আর খুঁজে পাওয়া যাবে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন।
অনিন্দ্য শামস বলেন, অনেকেরই ধারণা তরুণ প্রজন্ম শুধু ফেসবুকে বসে সময় কাটায়। তারা সামাজিক সমস্যা নিয়ে সচেতন নয়। এ বিষয়টি ঠিক নয় উল্লেখ করে তিনি নবীন প্রবীণের মধ্যে এ ধরনের দূরত্ব দূর করতে হবে বলে উল্লেখ করেন। এলাকায় ‘ইয়ুথ কমিটি’ গঠন করে ইভটিজিং ঠেকানোসহ বিভিন্ন দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন তিনি। তবে এ কাজে তরুণদের যাতে কোনো রাজনৈতিক তকমা গায়ে লাগাতে না হয় সেদিকে কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করেন।
কাউন্সিলর প্রার্থীদের প্রতিশ্রুতি: ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী মাহমুদা বেগম ভোটের মাঠে শুধু নারী হওয়ার কারণে যে বাড়তি হাঙ্গামা পোহাতে হয় তা তুলে ধরেন।
এর আগে সংরক্ষিত আসনে ১৬ বছর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে মাহমুদা বেগমের। তিনি এবার শেষ পর্যন্ত নির্বাচন করে জয়ী হতে পারবেন কি না সে আশঙ্কার কথা জানিয়ে বলেন, নারীদের নির্বাচিত হতে সহযোগিতা করাটা জরুরি। নির্বাচিত হলে পরেই না সে কাজ করতে পারবে।
এলাকাবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে বখাটেদের নির্মূল করা, সকাল ছয়টার মধ্যে যাতে পরিচ্ছন্নতাকর্মীরা ঝাড়ু দেওয়ার কাজ শেষ করেন তা নিশ্চিত করা, রাস্তার বাতি, আবর্জনা পরিষ্কারসহ বিভিন্ন কাজে যাতে করপোরেশনের পর্যাপ্ত বাজেট বরাদ্দ করা হয় তাতে ভূমিকা রাখবেন বলে জানালেন মাহমুদা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী হাবিবা চৌধুরী ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখা, পানির পাম্প বসানো, কবরস্থান তৈরি, খেলার মাঠ দখলমুক্ত করা এবং এলাকায় একটি স্থায়ী বাজার স্থাপনে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। হাবিবা এইবারই প্রথম নির্বাচন করছেন।
ঢাকা উত্তরের সাধারণ আসনের আরেক প্রার্থী রুনু আক্তারেরও সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে। তিনি বলেন, ‘আমি নারী বলে আমার কাছে জনগণ সরাসরি এসে সমস্যার কথা জানাতে পারে। কোরবানির ঈদে বস্তির ঘরে ঘরে মাংস পৌঁছে দিই।’ তিনি এলাকার উন্নয়ন মূলক কাজে ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।
উত্তরের সাধারণ আসনের প্রার্থী শিরিন রুখসানার পক্ষে তাঁর মেয়ে আফসানা তাহসীনও জানালেন, তাঁর মা এর আগে কাউন্সিলর হিসেবে কী কী কাজ করেছেন। এ ছাড়া এবার নির্বাচিত হলেও মানুষের পাশে তাঁর মা দাঁড়াবেন বলে উল্লেখ করেন।
এবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে উত্তরে মেয়র পদে ১৬ জন এবং দক্ষিণে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর কাউন্সিলর পদে (সংরক্ষিত আসনসহ) মোট প্রার্থীর সংখ্যা ৮৪৬ জন। এর মধ্যে সাধারণ আসনে নির্বাচন করছেন মাত্র ১৪ জন নারী। ঢাকা উত্তর সিটিতে ৩৬টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ২৭৭ জন এবং নারীদের জন্য সংরক্ষিত ১২টি ওয়ার্ডে ৮৮ জন। ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ৩৮৬ এবং সংরক্ষিত পদে ৯৫ জন নির্বাচন করছেন।