'মেরিন ক্যাডেটদের বাজার সংকুচিত হয়ে পড়ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয় দফা দাবিতে গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ‘এক্স ক্যাডেটস অব বাংলাদেশ মেরিন একাডেমি’ নামের একটি সংগঠন l ছবি: প্রথম আলো
নয় দফা দাবিতে গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ‘এক্স ক্যাডেটস অব বাংলাদেশ মেরিন একাডেমি’ নামের একটি সংগঠন l ছবি: প্রথম আলো

সমুদ্রগামী জাহাজে নৌ-ক্যাডেটদের ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ প্রদানসহ নয় দফা দাবি জানিয়েছে ‘এক্স ক্যাডেটস অব বাংলাদেশ মেরিন একাডেমি’ নামের একটি সংগঠন। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এই খাতকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন মেরিন একাডেমির সাবেক শিক্ষার্থীরা।
গতকাল সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন মেরিন একাডেমির সাবেক শিক্ষার্থীরা। এ সময় ব্যানার ও পোস্টার হাতে ক্যাডেটরা নানা দাবি তুলে ধরেন। মানববন্ধনে বক্তব্য দেন মেরিন একাডেমির সাবেক শিক্ষার্থী ইমরুল হক, মোস্তফা কামাল, নাজমুল হক, ইমরান ওয়াহিদ, তৌসিফ তুবা, ইমাদ তানভীর, ইফতেখার আলম, অঙ্গন দাস প্রমুখ।
সাবেক শিক্ষার্থীরা বলেন, ভিসা জটিলতা, জাল সনদে নাবিক নিয়োগ ও লোক নিয়োগকারী সংস্থা বা ম্যানিং এজেন্টগুলোর প্রতারণা, দেশীয় জাহাজ কমে যাওয়াসহ নানা কারণে বাংলাদেশি মেরিন ক্যাডেট ও নাবিকদের বাজার সংকুচিত হয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নয় দফা দাবি জানান সাবেক শিক্ষার্থীরা। এসব দাবির মধ্যে রয়েছে ভিসা জটিলতা দূর করতে সরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ, বেকার ক্যাডেটদের ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ না পাওয়া পর্যন্ত মেরিন একাডেমিতে ক্যাডেট ভর্তির সংখ্যা কমানো, জাল সিডিসি (ধারাবাহিক নিষ্কৃতি সনদ) রোধে মেশিন রিডেবল সিডিসি ও সিওসি (যোগ্যতার সনদ) চালু করা।
মানববন্ধনে বক্তারা বলেন, চাহিদার তুলনায় মেরিন একাডেমিতে ক্যাডেট ভর্তির সংখ্যা বাড়ানোর কারণে ৬০০ জন ক্যাডেট দুই বছরের কোর্স শেষ করে এখন সমুদ্রগামী জাহাজে ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন না। যাঁরা সুযোগ পাচ্ছেন তাঁদের এক বছরের ব্যবহারিক প্রশিক্ষণ শেষ করতে সময় লাগছে তিন থেকে চার বছর। অন্যদিকে বেসরকারি একাডেমি একজন শিক্ষার্থীর কাছ থেকে দুই বছরের কোর্সের জন্য ১৮-২০ লাখ টাকা নিচ্ছে। কিন্তু সেখানে কোর্স শেষ করার পর প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন না বেশির ভাগ শিক্ষার্থী।