'মেরে ফেলার হুমকি দিয়েছে পুলিশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট বোনকে ধর্ষণ করেছে, এ কথা স্বীকার করাতে পুলিশ মেরে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছে এক কিশোর। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে কিশোর। এ সময় তার মা-বাবাসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ওই কিশোর জানায়, থানায় সে তার বোনকে দেখতে গেলে পুলিশ তাকেও আটক করে। পরে তার ওপর নির্যাতন চালায়। তার বোনকে ধর্ষণ করেছে, তা স্বীকার না করলে তাকে মেরে ফেলারও হুমকি দেয় পুলিশ।
রাঙ্গুনিয়া উপজেলার মিনাগাজী টিলা এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় শাহ আলম নামের এক বৃদ্ধ ব্যক্তির বিরুদ্ধে। কিশোরীর মা অভিযোগ করেন, ধর্ষণের কারণে তাঁর মেয়ে গর্ভবতী হয়ে পড়লে শাহ আলম ভয় দেখিয়ে গর্ভপাত করাতে বাধ্য করেন। এ ঘটনায় ৭ মে থানায় মামলা করতে গেলে পুলিশ শাহ আলমের নাম বাদ দিয়ে কিশোরীর ভাইকে আসামি করে মামলা নেয়। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গত বুধবার আদালত থেকে জামিনে মুক্তি পায় সে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির গতকাল বিকেলে বলেন, থানায় কিশোরকে পুলিশ নির্যাতন করেনি।