‘মেলা চত্বর যেন পুরো গ্রামবাংলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনারগাঁয়ে লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব দেখতে গতকাল শুক্রবার ছুটির দিনে ঢাকার মিরপুর থেকে এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুর রহমান ও রেজাউল হক। দুই শিক্ষার্থী বলেন, ‘এ মেলায় এলে গ্রামবাংলার ঐতিহ্য ফিরে পাওয়া যায়। মেলা চত্বর যেন পুরো গ্রামবাংলারই চিত্র। এ কারণে তিন বছর ধরে পরিবারের সবাইকে মেলা দেখাতে নিয়ে আসি।’চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মেলায় গান গাইতে এসেছেন বাউল আবদুল আউয়াল। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর এ মেলায় আসি। এখানে গান গাইতে ভালো লাগে। ব্যতিক্রমী এ মেলায় গ্রামবাংলার সাধারণ মানুষের গান গেয়ে মানুষের মন জয় করা যায়।’গতকাল সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, হাজার হাজার পর্যটকে মুখরিত মেলা চত্বর। মাসব্যাপী মেলা উপলক্ষে ১৫০ বিঘা আয়তনের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।দেশের বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী যেমন—রাজশাহীর সখের হাঁড়ি, রংপুরের শতরঞ্জি, চট্টগ্রামের হাতপাখা, মাগুরার শোলাশিল্প, নৃগোষ্ঠী নারীদের হাতে তৈরি বিভিন্ন পোশাক ও আসবাব মেলায় প্রদর্শন করা হয়েছে। মেলা মঞ্চে প্রতিদিন রাতে থাকছে নাটক ও যাত্রাপালা। এ ছাড়া ফাউন্ডেশনের লেকে নৌভ্রমণ ও মৎস্য শিকারের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, এবারের মেলায় গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতে স্থানীয় স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জীবন্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—দাদা-নাতির গল্প বলা, গায়ে হলুদের গান, বউ সাজানো, গ্রামীণ পিঠা তৈরি। এ ছাড়া আছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া খেলাধুলা যেমন—ঘুড়ি ওড়ানো, মোরগলড়াই, পানিতে হাঁস ধরা, সাপের খেলা, কলাগাছে ওঠা, ষাঁড়ের লড়াই, কাবাডি, কানামাছি, দাঁড়িয়াবান্ধাসহ বিভিন্ন খেলার আয়োজন।প্রতিদিনই মেলায় পল্লিগীতি, লালনগীতি, মুর্শিদী গান, কবিগান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, পালাগানসহ লোকজ বিভিন্ন গানের আসর বসছে।মেলার সার্বিক আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ প্রথম আলোকে বলেন, ‘শুরুর দিকে লোকসমাগম কিছুটা কম থাকলেও গত কয়েক দিনে মেলা জমে উঠেছে। মেলায় আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।’উল্লেখ্য, ১৪ জানুয়ারি শুরু হওয়া এ মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।