‘মেশিনে ভোট দেওন অক্করে সোজা!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নয়া মেশিন দিয়া ভোট দেওন লাগব বলে মনে করছিলাম অনেক কঠিন। অহন দেহি মেশিনে ভোট দেওন অক্করে সোজা। মার্কা দেইখা টিপ দিলেই অইয় যায়, খুব ভালা অইছে।’ কথাগুলো বলছিলেন ইভিএমে পরীক্ষামূলক ভোট দিতে আসা নরসিংদী পৌরসভার তরোয়া এলাকার পিঠাবিক্রেতা হেলেনা বেগম।পৌর এলাকার চারটি ওয়ার্ডে গতকাল রোববার পরীক্ষামূলক ভোট গ্রহণ করা হয়েছে। সেখানে পুরুষের চেয়ে নারী ভোটারদের আগ্রহ ও উপস্থিতি ছিল লক্ষণীয়।আওয়ামী লীগ সূত্র জানায়, প্রার্থীদের প্রচারণার শেষ সময়ে এসে আওয়ামী লীগের প্রার্থী ও প্রয়াত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামানের পক্ষে নরসিংদী-২ (পলাশ) আসনের সাংসদ আনোয়ার আশ্রাব খান, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ জহিরুল ইসলাম ভূঁইয়া ও নরসিংদী-১ আসনের সাংসদ নজরুল ইসলাম প্রচার চালিয়ে যাচ্ছেন। গত শনিবার তাঁরা চৌয়ালা, নাগরিয়াকান্দি ও শালিধা এলাকায় পথসভা ও উঠানসভায় অংশ নিয়ে কামরুজ্জামানের কাপ-পিরিচ প্রতীকে ভোট চেয়েছেন।তবে ওই দিন বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আসাদুজ্জামান জেলা পরিষদের কার্যালয়ে দলীয় সভা ডেকে মোন্তাজ উদ্দিনের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। সেখানে তিনি কামরুজ্জামানকে জেলা আওয়ামী লীগ থেকে সমর্থন দেওয়া হয়নি বলে উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এ হাদী, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সদস্য আসাদুজ্জামান, মোস্তাক আহমেদ প্রমুখ। তবে দলীয় সভাটিকে সভাপতি আসাদুজ্জামান ব্যক্তিগত সভা বলে এড়িয়ে গেছেন। এ ছাড়া গতকাল মোন্তাজ উদ্দিনের পক্ষে শহরের সেবাসংঘ এলাকায় উঠানসভায় আসাদুজ্জামান প্রচারে অংশ নেন।জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গতকাল পৌর এলাকার চারটি ওয়ার্ডের প্রায় ১৬টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। আজ সোমবার বাকি পাঁচ ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ভোটারের চেয়ে নারীদের ইভিএমে ভোট দেওয়ার আগ্রহ বেশি। ভোটার মিনারা বেগম প্রথম আলোকে বলেন, মেশিনে ভোট দিলে সময়ও কম লাগে, খুব সহজও। তবে অন্য কথা বলছেন বৃদ্ধ মফিজ উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোট দিতে সহজ, তয় কারে ভোট দিলাম, হেইডা তো আর দেহা যায় না।’