'মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ হবে'
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী গতকাল মঙ্গলবার মেহেন্দিগঞ্জে এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন।
সারা দেশে কয়েক দফায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও সীমানা জটিলতায় মেহেন্দিগঞ্জে নির্বাচন হয়নি। ২১ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রশাসনের সভাকক্ষে দুপুর ১২টায় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ওই মতবিনিয়ম সভা করেন জাবেদ আলী। জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিভাগীয় কমিশনার মো. গাউস, ডিআইজি মো. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।