'মোগো ভোট দেওয়া লাগবে না এহানে এমনিতেই অইয়া যায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৌরনদী পৌরসভার চতুর্থ মেয়াদের নির্বাচন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু নামমাত্র নির্বাচনে গত তিনবার ভোট না দিতে পারায় ভোটারদের মধ্যে ক্ষোভ আছে। তাই এবার কী হবে, তা নিয়ে শঙ্কায় আছেন তাঁরা।
পৌর কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এবার নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ ও সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী আছেন। ১৯৯৬ সালে গৌরনদী পৌরসভা গঠিত হওয়ার পর প্রথম প্রশাসক হন আওয়ামী লীগের নেতা গোলাম সরোয়ার ফারুক।
পরে তিনি ২০০১ সালে নির্বাচনে প্রথম পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৫ সালে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপির মো. নুর আলম হাওলাদার। ২০১০ সালের নির্বাচনে মেয়র হন বর্তমান মেয়র মো. হারিছুর রহমান। যখন যে দল ক্ষমতায় ছিল সে দলের প্রার্থীই জয় পেয়েছে।
গতকাল মঙ্গলবার পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের তিনটি নির্বাচনের সময় তাঁরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি। প্রতিটি নির্বাচনে ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে অথবা কেন্দ্র দখল করে ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে সিল মারার ঘটনা ঘটেছে। আজ অনুষ্ঠেয় নির্বাচনে ভোট দিতে মানুষ আগ্রহী। কিন্তু ভোট দেওয়া নিয়ে তাঁদের শঙ্কা ও উৎকণ্ঠা রয়েছে।
পৌর নির্বাচনে ভোট দিতে যাবেন কি না এর উত্তরে নাজেম আলী বলেন, ‘মোগো ভোট দেওয়া লাগবে না, এহানে এমনিতেই খেমতায় থাকা লোকেরা অইয়া (বিজয় লাভ) যায়। হগোল সময় যা হয় এবার কি হেইয়ার বদল অইবে? ভোট দিতে গেলে কাগজ নিয়া যায়। কিছু কইলে মার খাইতে হয়।’
ব্যবসায়ী আলমগীর হোসেন, মো. বদিউজ্জামান, আমিনুল ইসলামসহ অনেকেই বলেন, তাঁরা প্রথমে কেন্দ্রের খবর নেবেন। যদি ভোট দেওয়ার পরিবেশ থাকে তাহলে ভোট দিতে যাবেন। নতুবা কেন্দ্রে যাবেন না।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলার সভাপতি আবদুস সোবাহান বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তাঁদের দলীয় প্রার্থী ৮০ শতাংশ ভোট পাবেন। তাই বিএনপির জয় ঠেকাতে আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্রে কেন্দ্রে ভোট ছিনতাইয়ের জন্য দায়িত্ব বণ্টন করা হয়েছে। ভোট কারচুপির পরিকল্পনা শেষ করে এখন তাঁরা বিজয়ের অপেক্ষায় খোশমেজাজে আছেন।
বিএনপির মেয়র প্রার্থী সফিকুর রহমান বলেন, ভোটের আগে তাঁদের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ হানা দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। নানা হুমকির মধ্যে তাঁর কর্মীরা দিন পার করছেন। নির্বাচনের দুই দিন আগে থেকে পুলিশ বাড়ি বাড়ি হানা দিয়ে তাঁদের আটক করছে। গত সোমবার রাতে পুলিশ পৌর বিএনপির সভাপতি মনিরুজ্জামানকে নিজ বাড়ি থেকে আটক করে।
অবশ্য গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে আটক করা হয়নি।
গৌরনদী পৌরসভার বর্তমান মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এবারের দলীয় প্রার্থী হারিছুর রহমান বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ওবায়েদুল হক বলেন, ভোটাররা ভোট দিতে পারবে কি না এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী বলেন, আগের নির্বাচনগুলোর বিষয়ে তাঁর জানা নেই। কিন্তু এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।