'মোর ছাওয়াক আনি দ্যাও'
ছয় বছর বয়সী শিশু রনি। দেড় মাস ধরে ভারতের আসামের একটি শিশু আশ্রমে বন্দী সে। সীমান্তের বিধিনিষেধ সে জানে না। অবৈধপথে সীমান্ত পার হলে যে আটক হতে হয়, সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এভাবে আসার সময়ই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে।
এ ঘটনা ঘটে গত ১৪ এপ্রিল ভারতের আসাম রাজ্যের টাকিমারী সীমান্তে। দীর্ঘদিন সন্তানকে ফিরে না পেয়ে মা-বাবা মুষড়ে পড়েছেন। এতটুকুন একটি শিশুকে ফেরত দেওয়ার ব্যাপারেও ভারতীয় কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুরুসা ফেরুসা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে রনি। পেটের দায়ে পরিবার নিয়ে জয়নাল প্রায় পাঁচ বছর আগে গিয়েছিলেন ভারতে। সেখানেই দিনমজুরি করে কাটছিল তাঁর জীবন। কিন্তু ছেলে রনি বিএসএফের হাতে আটকের খবর পেয়ে পুরো পরিবার নিয়ে বাংলাদেশে ছুটে এসেছেন। দেড় মাস ধরে বিজিবি, বিএসএফের কাছে ছোটাছুটি করছেন।
মা রুনা খাতুনের সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, ‘তোমরা হামার ছাওয়াক আনি দ্যাও...ছাওয়াক ছাড়া মুই বাঁচপার নোং।’ বলতে বলতে তিনি মাটিতে লুটিয়ে পরেন। এ সময় সেখানে উপস্থিত লোকজনও চোখের পানি ধরে রাখতে পারেননি। রাহেলা নামে এক প্রতিবেশী বলেন, ছেলে আটকের সংবাদ পাওয়ার পর থেকে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন রুনা খাতুন। সারা দিন কান্নাকাটি করেন। যাকেই দেখেন, পাগলের মতো তাকেই ছেলে এনে দিতে বলেন।
গত বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে কুরুসা ফেরুসা গ্রামে গিয়ে দেখা যায়, রনিকে না পেয়ে জয়নাল আবেদিনের পুরো পরিবারই দুঃখভারাক্রান্ত। দাদা হজরত আলী বলেন, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজিবি এবং বিএসএফ একাধিকবার বৈঠক করে। কিন্তু তারা আমার নাতিকে ফেরত দেয়নি।’
জয়নাল আবেদিন বলেন, ‘আটকের সংবাদ পেয়ে আমরা সপরিবারে বাড়িতে চলে আসি। বিজিবি, বিএসএফ আমার জন্মনিবন্ধন, রক্তের গ্রুপ, নাগরিকত্ব সার্টিফিকেট চায়। সেগুলো দেখাই। তবু আমার ছেলেকে ছাড়েনি। আমার ছেলের বাম বোগলে কালো দাগ আছে।’ তিনি আরও বলেন, ‘এ বছর রনির বয়স ছয় হওয়ায় ছেলেকে বাংলাদেশের বিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত নিই। সে অনুযায়ী আসামের টাকিমারী সীমান্ত এলাকার দালাল মইনুদ্দিনের মাধ্যমে ১২ এপ্রিল রনিকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করি। ১৪ এপ্রিল টাকিমারী ক্যাম্পের বিএসএফের হাতে আটক হয় রনি। এ সময় মইনুদ্দিন কৌশলে পালিয়ে যায়।’
খবর পেয়ে রনির দাদা কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধীন চৌদ্দকুড়ি ক্যাম্পে ছুটে যান। সঙ্গে সঙ্গে বিজিবি রনিকে ফেরত চেয়ে টাকিমারী বিএসএফ ক্যাম্পে চিঠি দেয়। দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠকও হয়। কিন্তু রনিকে ফেরত দেয়নি বিএসএফ। পতাকা বৈঠকে জানানো হয়, পুলিশের মাধ্যমে শিশুটিকে আসামের ধুপড়ি শিশু আশ্রমে পাঠানো হয়েছে।
জানা যায়, দিনমজুর জয়নাল তিন মাস বয়সী রনিকে নিয়ে দালালের মাধ্যমে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাড়ি জমান। একটি ইটভাটায় কাজ নেন।
কুড়িগ্রাম ৪৫ বিজিবির যাত্রাপুর কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল আহসান জানান, শিশু রনিকে ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে। তাকে একটি আশ্রমে রাখা হয়েছে।