'মোসাহেবি প্রথা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে নিরঙ্কুশ করেছে'
মোসাহেবি প্রথা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে নিরঙ্কুশ করেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার৷ গতকাল বৃহস্পতিবার সিলেটে ‘নাগরিক নিরাপত্তা ও সুশাসন: বর্তমান বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷
বদিউল আলম মজুমদার বলেন, ‘সারা দেশে গুম-খুনের ঘটনা বেড়ে যাওয়ায় দেশের মানুষ উদ্বিগ্ন৷ আর এ জন্য দায়ী রাজনৈতিক দুর্বৃত্তায়ন৷ এটা বন্ধে নাগরিক সমাজকে জেগে উঠতে হবে৷ প্রশাসনে দলীয়করণের কারণে আমাদের সব প্রতিষ্ঠান এখন অকার্যকর হয়ে পড়েছে৷ মোসাহেবি প্রথা চালু হয়েছে৷ এ প্রথা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে নিরঙ্কুশ করেছে৷’
সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সুজনের সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী৷ স্বাগত বক্তব্য দেন সুজন সিলেটের সাধারণ সম্পাদক জিয়াউস শামস৷ বৈঠকে সিলেটের সুশীল সমাজ ও সুধীজনেরা অংশ নেন৷
আলোচনায় অংশ নেন সৈয়দ আশরাফ হোসেন, জোবেদা কনক খান, আবুল কাশেম, এ কে শেরাম, নিলেন্দু দেব, আরিফ মিয়া, ধীরেন সিংহ, আবু জাফর, শাহ শাহেদা আক্তার প্রমুখ৷