‘মেয়ে দেখতে-হুনতে বড় অইছে তাই বিয়া দিছি’
সুনামগঞ্জের ধরমপাশায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে দেওয়া হয়েছে। এত অল্প বয়সে মেয়ের বিয়ে সম্পর্কে বাবা বলেছেন, ‘মেয়ে দেখতে-হুনতে বড় অইছে, বালা জামাই পাইছি তাই বিয়া দিছি।’জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের দিনমজুর ভিকচান মিয়ার মেয়ে শুভা আক্তার সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ে। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে ফরিদ মিয়ার (২৫) সঙ্গে গত রোববার তার বিয়ে হয়েছে। বিয়ে রেজিস্ট্রি করেন স্থানীয় গাবী হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী কাজী হাফেজ নূর আহম্মেদ।গতকাল সোমবার দুপুরে সেলবরষ প্রাথমিক বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক সামছুদ্দোহা আহম্মদ জানান, বিদ্যালয়ে রেজিস্টারে মেয়েটির জন্ম তারিখ ১৫/০৮/২০০০। সে গতকাল অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায়ও অংশগ্রহণ করেছে।পরীক্ষা শুরু হওয়ার আগে ওই শুভার কাছে বিষয়টি জানতে চাইলে সে বলে, ‘বিয়া কিতা আমি কিচ্ছু বুঝি না। হুনছি বাবা আমারে বিয়া দিছে। আমি আরও পড়তাম চাই।’শুভার বাবা ভিকচান মিয়া বলেন, ‘দেশের অবস্থা ভালা না। আইনে কি আছে আর না আছে তা আমি জানি না। মাইয়াডার সুহের লাইগ্যা বিয়া দিছি। ক্ষতি অইছে কি না কইতাহারতাম না।’এ বিষয়ে সহকারী কাজী নূর আহম্মেদ দাবি করেন, সেলবরষ ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেনের চাপে বাধ্য হয়ে তিনি বিয়ে রেজিস্ট্রি করেছেন। তিনি (ইকবাল) এই বিয়ের সাক্ষী। তিনি জানান, মেয়েটির বিয়ের বয়স হয়েছে। জন্ম নিবন্ধন পরে দেওয়া হবে।তবে ইউপি সদস্য ইকবাল হোসেন দাবি করেন, এ বিয়ের বিষয়ে তিনি কিছুই জানেন না। ধরমপাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা প্রথম আলোকে বলেন, বিয়ের আগে বিষয়টি তিনি জানতে পারেননি। এখন কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।