'মেয়ে ভালো হবি জীবনে প্রথম শুনলাম'

ফুলে যাওয়া ডান হাত সাদা ব্যান্ডেজে মোড়ানো। লিকলিকে আরেক হাতে ক্যানোলার সুচটিও সাদা স্কচটেপে আটকানো। দুই চোখে রাজ্যের ক্লান্তি। ইশারায় মাকে মাথায় হাত বুলিয়ে দিতে বলল। কোনো কথা বলবে না বলেও সাফ জানিয়ে দিল।
এ হলো ১২ বছর বয়সী মুক্তামনি। শনিবার বেলা দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় তাকে এভাবেই পাওয়া গেল। সকাল থেকেই নানা পরীক্ষা-নিরীক্ষার জন্য ধকল গেছে তার ওপর দিয়ে। সে একধরনের বিরল চর্মরোগে আক্রান্ত। চিকিৎসকেরা এখন পর্যন্ত রোগটি শনাক্ত করতে পারেননি। তার জন্যই চলছে নানা পরীক্ষা। বার্ন ইউনিটে ভর্তির আগে হাত থেকে সব সময় দুর্গন্ধ বের হলেও ব্যান্ডেজ করে রাখার কারণে এখন আর কোনো গন্ধ বের হচ্ছে না।
সাতক্ষীরার কামারবাইশালের মুদির দোকানদার ইব্রাহিম হোসেনের দুই যমজ মেয়ে হীরামনি ও মুক্তামনি। জন্মের দেড় বছর পর থেকে মুক্তামনির সমস্যা শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তা ফুলে কোলবালিশের মতো হয়ে যায়। মুক্তামনি বিছানায় বন্দী হয়ে পড়ে। হাতে পুঁজ জমে থাকায় তা থেকে সব সময় দুর্গন্ধ বের হতো। হীরামনি ছাড়া অন্য কোনো শিশু এমনকি বড়রাও কাছে ঘেষতেন না। মুক্তামনি এখন পর্যন্ত এক বছর তিন মাস বয়সী ছোট ভাইকে কোলে পর্যন্ত নিতে পারেনি। সাতক্ষীরা, ঢাকাসহ বিভিন্ন জায়গায় নানা চিকিৎসা চলে। তবে ভালো হয়নি বা ভালো হবে সে কথা কেউ কখনো বলেননি। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর প্রকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনায় আসে মুক্তামনির খবর। ১১ জুলাই মুক্তাকে ভর্তি করানো হয় বার্ন ইউনিটে। তারপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নেন।
বার্ন ইউনিটের কেবিনে বসে মুক্তামনির মা আসমা খাতুন প্রথম আলোকে বলেন, হাতসহ মেয়ের ওজন ২৪ কেজি। অর্ধেকই হবে হাতের ওজন। শুয়ে থাকা ছাড়া মেয়ে আর কী-ই বা করতে পারে। তিনি বলেন, ‘এখানকার চিকিৎসকেরা মেয়ে ভালো হবে বলিছেন। মেয়ে ভালো হবি এই কথা জীবনে প্রথম শুনলাম। প্রধানমন্ত্রী মেয়ের দায়িত্ব নিবেন তা কল্পনাও করি নাই।’
হীরামনি চতুর্থ শ্রেণিতে পড়ছে। মুক্তামনি স্কুল থেকে দ্বিতীয় শ্রেণির বই এনেছিল, কিন্তু তার আর স্কুলে যাওয়া হয়নি। বার্ন ইউনিটে ভর্তির পর থেকে হীরামনি স্বপ্ন দেখা শুরু করেছে, তারা দুই বোন একসঙ্গে স্কুলে যাচ্ছে, একসঙ্গে অন্য শিশুদের সঙ্গে খেলছে। তারা যমজ হলেও একজন আরেকজনকে আপা ডাকে। আর ছোটবেলায় কে হীরা আর কে মুক্তা তা বুঝতে পারতেন না বাবা ইব্রাহিম। তাই তিনি ডাকতেন ‘আম্মুজান’।
মুক্তামনির কথা বলতে গিয়ে আসমা খাতুনের মুখটি হাসিতে ভরে গেল। জানালেন, মুক্তা খুব রাগী। খাওয়াদাওয়া ভালোই করে। সব কাজই করে দিতে হয়। কিন্তু হাত ও পায়ে মেহেদি দেয় নিজেই। মাথা ও ঘাড়ের মাঝখানে মেহেদির টিউব রেখে অনেক কষ্ট করে সে এই কাজটি করে। তার নিজের একটি খাতা আছে। তাতে বাঁ হাত দিয়ে নিজের মনেই ছবি আঁকে।
বার্ন ইউনিটে মুক্তামনিকে দেখতে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক চিকিৎসক জুলফিকার লেনিনসহ অনেকেই। প্রতিনিয়ত তাকে দেখতে কেবিনে ভিড় লেগেই আছে।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, মুক্তামনির জন্য গঠিত সাত সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরই মধ্যে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। পুষ্টিকর খাবার খাইয়ে আগে তাকে কিছুটা সুস্থ করে পরে অস্ত্রোপচারের টেবিলে নিতে হবে। তা না হলে সে ধকল সহ্য করতে পারবে না।
মুক্তামনির এক হাতের ওজন কম করে হলেও ১০ কেজি হবে বলে উল্লেখ করে সামন্ত লাল সেন বলেন, ‘দুঃখজনক হচ্ছে, মুক্তামনির হাতের এ অবস্থা এক দিনে হয়নি। এখন হাতের ভারে তার শরীরটাই বাঁকা হয়ে গেছে। অথচ এত দিন সঠিকভাবে কোনো চিকিৎসাই হয়নি। চিকিৎসক হিসেবে বলতে পারি, এখন মেয়েটার জন্য কিছু করার সুযোগ এসেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। সব মিলিয়ে আমরা আশাবাদী, মেয়েটাকে সুস্থ করে তুলতে পারব। বার্ন ইউনিটেই তার চিকিৎসা করানো সম্ভব বলে মনে করছি।’