‘মেয়েটাকে তিলে তিলে মেরে ফেলা হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবার একমাত্র মেয়ে ছিল নূরজাহান (১৩)। অভাবের তাড়নায় শিশুবয়সেই মা-বাবা রংপুর থেকে ঢাকায় পাঠিয়েছিলেন গৃহকর্মী হিসেবে কাজ করতে। হয়তো আশা ছিল, সব কাজ শিখতে শিখতে বড় হবে তাঁদের আদরের ধন। বড় হয়ে একদিন ফিরে আসবে মা-বাবার কাছে। কিন্তু নিয়তির খেয়াল বড়ই অদ্ভুত। নূরজাহান ফিরেছে ঠিকই, তবে ক্ষতবিক্ষত দুর্গন্ধযুক্ত লাশ হয়ে। মা-বাবা জানতেই পারলেন না মেয়েটি কবে, কীভাবে মারা গেল। তবে ঢাকায় যে বাসায় সে থাকত, তার আশপাশের লোকজন ও পুলিশের দাবি, না খেতে দিয়ে, নির্যাতন করে, তিলে তিলে কষ্ট দিয়ে মেয়েটিকে মেরে ফেলা হয়েছে।মেয়ে হত্যার অভিযোগে গত সোমবার রাজধানীর পল্টন থানায় একটি হত্যামামলা করেছেন বাবা নূর ইসলাম। অভিযুক্ত গৃহকর্তা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব সোলায়মান মণ্ডল ও তাঁর পরিবার। ১৪ জুলাই নূরজাহানের লাশ রংপুরে তার বাবার কাছে দিয়ে আসেন উপসচিব সোলায়মান মণ্ডল। পরে রংপুর থানা পুলিশ লাশের অবস্থা দেখে ময়নাতদন্ত করতে পাঠায়।নূরজাহানের বাবা নূর ইসলাম জানান, তিন বছর আগে তাঁর মেয়েকে ঢাকায় সোলায়মান মণ্ডলের বাসায় পাঠানো হয়। এই সময়ের মধ্যে একবারও তাকে মা-বাবার কাছে পাঠানো হয়নি। ওই বাড়িতে কেউ কোনোদিন নূরজাহানকে দেখতেও যেতে পারেনি। গতকাল মঙ্গলবার ১১২ শান্তিনগরের বাসার পাঁচ তলায় গিয়ে সোলায়মান মণ্ডলের ভাড়া (৫০৪ নম্বর) ফ্ল্যাটটি তালাবদ্ধ দেখা যায়। আশপাশের বাসিন্দারা জানান, ঘটনার পর থেকেই ফ্ল্যাটটি তালাবদ্ধ রয়েছে। ৫০৪ নম্বর ফ্ল্যাটের উল্টো দিকের ফ্ল্যাটের বাসিন্দারা জানান, ওই ফ্ল্যাটের সদস্যদের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল না। ওই ফ্ল্যাটেরও কেউ অন্য কারও বাসায় যেত না। আর গৃহকর্মী মেয়েটিকে একদমই বের হতে দেওয়া হতো না। আরেকটি ফ্ল্যাটের এক বাসিন্দা জানান, মাঝেমধ্যেই ওই ফ্ল্যাট থেকে চিৎকার আর কান্নার শব্দ শোনা যেত। মাসখানেক আগে একদিন মেয়েটিকে ছাদে দেখা গিয়েছিল। তখন সে বলেছিল, তাকে ঠিকমতো খেতে দেওয়া হয় না, মারধর করা হয়। প্রতিবেশীদের দাবি, মেয়েটিকে খেতে না দিয়ে নির্যাতন করে তিলে তিলে মেরে ফেলা হয়েছে।বাড়ির নিরাপত্তাকর্মী রবিউল ইসলাম জানান, ১৪ জুলাই রাতে এক আত্মীয়ের মাইক্রোবাসে করে মেয়েটিকে নিয়ে বের হন সোলায়মান মণ্ডল। গৃহকর্তা নিরাপত্তাকর্মীদের জানান, মেয়েটি ডায়রিয়ায় আক্রান্ত। তাই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে মাইক্রোবাসটি। তখন সোলায়মান নিরাপত্তাকর্মীদের জানান, মেয়েটি পথে মারা গেছে। এরপর ওই আত্মীয়ের মাইক্রোবাসেই তাঁরা মেয়েটির গ্রামের বাড়ি রংপুরের পথে রওনা দেন। এদিকে রংপুর পুলিশ জানিয়েছে, মেয়েটির কোনো মৃত্যু সনদ তার বাবার হাতে দেননি সোলায়মান মণ্ডল। রংপুর কোতোয়ালি থানা পুলিশের সুরতহাল প্রতিবেদনে নূরজাহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা প্রথম আলোকে বলেন, ১৪ জুলাই রাতে নূরজাহানের লাশ বস্তায় ভরে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লাশ দেখে ওসির মন্তব্য, এটি একটি নৃশংস ও পৈশাচিক ঘটনা।এদিকে পল্টন থানা পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে নির্যাতন করেই মেয়েটিকে মেরে ফেলা হয়েছে। উপসচিব সোলায়মান মণ্ডল ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত ছুটিতে রয়েছেন। তাঁর সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।