'মেয়েদের বিয়ের বয়স কমানোর চিন্তা সরকারের মৌলবাদী দর্শন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স দু্ই বছর কমিয়ে ১৬ বছর করার চিন্তাকে সরকারের মৌলবাদী রাজনৈতিক দর্শনের প্রতিফলন বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী সেল। তাদের মতে, এটা করা হলে নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে।
গতকাল রোববার পুরানা পল্টনের মুক্তি ভবনে সিপিবির নারী সেলের সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
গত ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স তিন বছর কমিয়ে ১৮ এবং মেয়েদের ক্ষেত্রে ১৬ বছর করা যায় কি না, তা পর্যালোচনা করতে আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়।
বিয়ের ন্যূনতম বয়স কমানোর চিন্তা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সিপিবির নারী সেল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সিপিবির কেন্দ্রীয় কমিটি ও নারী সেলের সদস্য মাকছুদা আখতার। বক্তব্যে বিয়ের বয়স কমিয়ে দিলে তা নারী, পরিবার, রাষ্ট্রে কী ধরনের প্রভাব পড়বে, তা তুলে ধরা হয়।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এ এন রাশেদা বলেন, ‘অবাক কারবার, সামনের দিকে না গিয়ে ভূতের পা দিয়ে সরকার পেছনের দিকে যাচ্ছে।’ বক্তব্য দেন আরেক নেতা লুনা নূর। সংবাদ সম্মেলনে সিপিবির কেন্দ্রীয় ও ঢাকা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।