'মেয়েদের মতপ্রকাশের সুযোগ দিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের মতপ্রকাশের সুযোগ দিতে হবে। সমাজে মেয়েদের নিচু চোখে দেখা হয়। এ মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। পরিবার-সমাজ সহযোগিতা করলে মেয়েরা নিশ্চিত এগিয়ে যাবে।
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল বুধবার মৌলভীবাজারের জুড়ীতে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে অংশ নেওয়া স্কুলছাত্রী মণি বেগম এসব কথা বলে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ সভার আয়োজন করে।
গতকাল দুপুরে উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজার এলাকায় জুড়ী ইন্টারন্যাশনাল স্কুল চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাশেষে আয়োজকদের পক্ষ থেকে মণিকে ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়। পরে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেটের বিভাগীয় পরিচালক আবুল হাছান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ প্রমুখ।