'মেয়ের বাড়িতে আসছেন মা, আপ্যায়নে ত্রুটি হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার ২৯ মার্চ ফরিদপুরে একমাত্র মেয়ের বাড়িতে বেড়াতে আসছেন। তাঁর উপযুক্ত মেয়ে মায়ের আপ্যায়ন ও যত্নের কোনো ত্রুটি রাখবেন না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরিদপুরে আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এভাবেই সার্বিক প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়। আজ সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওই সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে কী কী খাবার পরিবেশন করা হবে এবং প্রধানমন্ত্রীর যত্নআত্তির ব্যাপারে কী জাতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে, তা জানতে চান। এ প্রশ্নের উত্তরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর এ কথাগুলো বলেন।
প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ। ফরিদপুর শহরতলির বদরপুরের ‘আফসানা মঞ্জিল’ মোশাররফ হোসেনের বাড়ি। ফরিদপুরে এসে প্রধানমন্ত্রী মধ্যাহ্নবিরতির ওই সময়টুকু মেয়ের বাড়িতেই অবস্থান করবেন বলে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে। যদিও প্রধানমন্ত্রীর সফরসূচিতে তিনি নামাজ ও মধ্যাহ্নবিরতি কোথায় কাটাবেন, তার উল্লেখ নেই।

সফরসূচি অনুযায়ী, আগামী বুধবার প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে বেলা ১১টা ৪০ মিনিটে ফরিদপুরে আসবেন। বেলা তিনটায় প্রধানমন্ত্রীর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে খন্দকার মোহতেসাম হোসেন আরও বলেন, কোনো মা যখন মেয়ের বাড়িতে আসেন, তখন মেয়ে মায়ের আপ্যায়ন ও যত্নের ব্যাপারে সব সময়ই সতর্ক থাকেন। এ ব্যাপারে বিন্দুমাত্র ত্রুটি কোনো মেয়ে হতে দেন না। প্রধানমন্ত্রীর মেয়েও একজন যোগ্য মেয়ে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা জানান, নেত্রীর ফরিদপুরে আগমন স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্মাণ করা হয়েছে ১২৬টি তোরণ। বদরপুর মন্ত্রীর বাড়ির সামনে থেকে শুরু করে সিঅ্যান্ডবি ঘাট এবং হাড়োকান্দির নদী গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে গোয়ালচামটের ভাঙা রাস্তার মোড় পর্যন্ত আট কিলোমিটার সড়কের দুই পাশে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে সড়কের দুই পাশে এবং বিভিন্ন ভবনের শীর্ষে স্থাপন করা হয়েছে শত শত বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। এ ছাড়া রাজবাড়ীর রাস্তার মোড়ে সার্চলাইট এবং শ্রীঅঙ্গন সেতুর নিচে আনুমানিক ২০০ ফুট দৈর্ঘ্যের একটি নৌকা নির্মাণ করা হয়েছে।
আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আলোকসজ্জা, তোরণ, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন—সবই ব্যক্তিগত উদ্যোগে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে স্থাপন করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর জনসভায় মিছিল করে যোগ দেওয়ার সুবিধার জন্য আজ মঙ্গলবার রাত ১২টা থেকে ২৪ ঘণ্টার জন্য শহরে ইজিবাইক, রিকশা, সিএনজি ও মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
খন্দকার মোহতেসাম হোসেন ছাড়াও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা ও জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সামসুল আলম, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম প্রমুখ।