‘মোকাম’-এর নামে বাড়ি দখলের চেষ্টা
সুনামগঞ্জ শহরে ‘মোকাম’-এর (বসার আসন) নামে এক সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের চেষ্টা করা হয়েছে। শহরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে এক সভায় এ অভিযোগ করেছেন ভুক্তভোগী চরিত্র রঞ্জন চক্রবর্তী।জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে গত সোমবার শহরের বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দেওয়া হয়েছে।প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে সভায় শহরের উপত্যকা এলাকার বাসিন্দা চরিত্র রঞ্জন জানান, তাঁর ১৬ শতক জমির বাড়িতে ৩০ জুলাই সীমানায় বেড়া দিতে গেলে নতুন হাছননগর এলাকার কয়েকজন মাদকসেবী বাধা দেন। তাঁদের দাবি, এখানে ‘ডংকা শাহের মোকাম’ আছে। এই মোকামের ২৭ শতক জায়গা আছে। তাই মোকামের জায়গায় তাঁরা বেড়া দিতে দেবেন না। তাঁরা সেখানে মোকামের নামে একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দেন।চরিত্র জানান, এ ঘটনার পর পুলিশের সহায়তায় তাঁরা বাড়ির কিছু জায়গা ছেড়ে বাকি অংশে বেড়া দিয়েছেন। এরপর থেকে এক বৃদ্ধ ওই জায়গার পাশে বসে দানের টাকা, মোমবাতি গ্রহণ করছেন। ওই চক্র জায়গাটি দখলের জন্য তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছে।ধূর্জটি কুমার বসু জানান, তাঁরা ছোটবেলায় শুনেছেন, চরিত্র রঞ্জনদের বাসার সামনের একটি গাছের নিচে একজন লোক প্রায়ই বসে বিশ্রাম নিতেন। পরবর্তী সময়ে লোকজন সন্ধ্যায় সেখানে মোমবাতি জ্বালানো শুরু করেন। এখন এটাকে ‘মোকাম’ বানিয়ে বাড়ি দখলের চেষ্টা করা হচ্ছে।শনিবার দুপুরে ওই জায়গায় গিয়ে দেখা গেছে, নতুন হাছননগর এলাকার আফতর আলী নামের এক বৃদ্ধ দানের টাকা-পয়সা নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি ডংকা শাহের ভক্ত। এটা তাঁর আসন ছিল। তাঁর সেবা করার জন্য এখানে আছি।’সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, চরিত্র চক্রবর্তী থানায় জিডি করেছেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর বাধাদানকারীরা পালিয়ে গেছে।