‘মোগো গেরামে আগে কেউ শীতের কাপুর দেয় নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোগো গেরামে আগে কেউ শীতের কাপুর দেয় নাই। জীবনে পেরথম কম্বল পাইলাম।’ প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল পেয়ে এ কথা বলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার প্রত্যন্ত পাটকাঠী গ্রামের সরবানু বেগম (৭৫)। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার বন্ধুসভার সদস্যরা বরিশাল, কুষ্টিয়া, পঞ্চগড় ও বাগেরহাটে ৪২১ জন গরিব মানুষকে কম্বল দিয়েছেন। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: গতকাল দুপুরে বাকেরগঞ্জের দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১২০ জন শীতার্তকে কম্বল দেওয়া হয়। এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আইউব আলী খান, মুক্তিযোদ্ধা রমজান আলী খান ও বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া: গতকাল কুমারখালী উপজেলার পান্টি ও যদুবয়রা ইউনিয়নের কৃষ্ণপুর, মূলগ্রাম, রাজাপুর, বিলকাটিয়া ও এনায়েতপুরের ৬৫ জন দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় চিকিৎসক তায়জাল হোসেন, বন্ধুসভার সভাপতি মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কানাডাপ্রবাসী এক নারী আত্মীয়র মাধ্যমে এ কম্বলগুলো গত রোববার কুষ্টিয়া অফিসে পৌঁছে দেন।পঞ্চগড়: গতকাল দুপুরে সদর উপজেলার ইসলামবাগ, নতুন বস্তি, মসজিদপাড়া, রামেরডাঙ্গা, ডোকরোপাড়া, তুলারডাঙ্গা, বানিয়াপাড়া, রৌশনাবাগ, পুরাতন ক্যাম্প ও গুচ্ছগ্রামের ১০০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা বাবুল হোসেন ও বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। বাগেরহাট: গতকাল সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া, পার নওয়াপাড়া ও আতাইকাঠি গ্রাম, বেমরতা ইউনিয়নের কলাবাড়িয়া ভূমিহীন আদর্শপল্লী, কচুয়া উপজেলার ধোপাখালী গ্রাম এবং বাগেরহাট পৌরসভার ঋষিপাড়ায় ১৩৬ জন দরিদ্র মানুষকে কম্বল দেওয়া হয়েছে। সহায়তা অব্যাহত: গতকাল পর্যন্ত ত্রাণ তহবিলে জমা পড়েছে ১৭ লাখ ১৯ হাজার ৯৩০ টাকা, চার হাজার ৫৫১টি কম্বল, ৪৩৩টি সোয়েটার ও ৪০০টি পুরোনো কাপড়। ডিফেন্সগাইডের পক্ষে হাসানুল বারী ফাহিম ২৫টি কম্বল, আবদুল মান্নান খান ১০০টি পুরোনো কাপড়, সাঈদা আক্তার পাঁচটি কম্বল এবং রওশন আরা হক ও হোসনে আরা ইসলাম নগদ ২০ হাজার টাকা, চারটি কম্বল ও ২০টি পুরোনো কাপড় দিয়েছেন। রাশিদা সুলতানা ৮০ হাজার টাকা, আলফা বাংলা জার্মানি ২০ হাজার টাকা, সামিয়া ইফাত পাঁচ হাজার, কাজী শাফিউল আলম এক হাজার, আবু সুফিয়ান বিপ্লব দুই হাজার টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি তিন হাজার টাকা, রাহাতুন নেসা ৫০০ টাকা দিয়েছেন। এ ছাড়া, ঢাকা ব্যাংকের হিসাবে (২০৭.২০০.১১১৯৪) একজন দিয়েছেন পাঁচ হাজার এবং আরও দুজন দেড় হাজার টাকা দিয়েছেন। এ পর্যন্ত সাত হাজার ১৪০ জনকে কম্বল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।