
‘মোগো হগোলডির সুখের লাইগ্যা বাজানেরা কত কষ্ট করত। অভাবী সংসারে সুখের মুখ দেখানোর সময় বাবাগো আল্লাহ লইয়া গেল কেন? এহন মোরা কী কইরা চলমু?’ এ আহাজারি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম গ্রামের ৭০ বছর বয়সী আবদুল হাকিম হাওলাদারের। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিনি একসঙ্গে দুই ছেলেকে হারিয়েছেন।
গত বৃহস্পতিবার সৌদি আরবের দামাম শহরের আল জুবাইল-ডাহারান সড়কে দুর্ঘটনায় নিহত হন ছয় বাংলাদেশি। এর মধ্যে নিহত বাবুল হাওলাদার (৪৫) ও শহিদুল হাওলাদার (৩৪) হাকিম হাওলাদারের ছেলে। নিহত বাকি বাংলাদেশিরা হলেন বরিশালের উজিরপুর উপজেলা জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের শহিদ হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম (৩২), ভোলার রানা শাহবুদ্দিন(৩৬), পটুয়াখালীর রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার (৩৭)ওপাবনার রানা (৪০)।এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত রফিকুলের বড় ভাই সাইফুল ইসলাম (৩৪)। তাঁকে দামাম শহরের কাতিপ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রথম আলোর গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বলেন, আগৈলঝাড়ার ছয়গ্রামে গতকাল শুক্রবার গিয়ে দেখা যায়, একসঙ্গে উপার্জনক্ষম দুই সহোদরকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। ২০০৭ সালে ভিটেমাটি বিক্রি করে সৌদি আরবে যান বাবুল ও শহিদুল। সেখানে তাঁরা স্যানিটারি ও টাইলস মিস্ত্রির কাজ শুরু করেন।
সন্তানের মুখ দেখা হলো না রফিকুলের: বরিশালের উজিরপুরের বাহেরঘাট গ্রামে গতকাল রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানেও চলছে মাতম। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রফিকুলের বড় ভাই সাইফুলকেও নিয়েও শঙ্কা বিরাজ করছে পরিবারে।
স্বজনেরা বলেন, ছুটি কাটিয়ে এক মাস আগে সৌদি আরবে ফিরে যান রফিকুল। যাওয়ার সময় স্বজনদের বলেছিলেন, অনাগত সন্তানের মুখ দেখতে তিনি কয়েক মাস পর আবারও বাড়ি আসবেন। কিন্তু সে সন্তানের মুখ আর দেখা হলো না রফিকুলের।
‘তোমরা আমার ছেলেরে আইনা দ্যাও’: প্রথম আলোর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের দক্ষিণ কেশবপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে। গতকাল ওই গ্রামে গিয়ে দেখা যায়, শোকে স্তব্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
বিলাপ করতে করতে রফিকুলের মা হাফেজা বেগম (৬৫) বলেন, ‘তোমরা আমার ছেলেরে আইনা দ্যাও। আমার বুকের ধনরে আমার বুকে ফিরাইয়া দ্যাও।’
পরিবারের সদস্যরা বলেন, ২০০৮ সালে রফিকুল শ্রমিকের কাজ করতে সৌদি আরব যান।