'মোটরসাইকেলটির জন্যই একমাত্র ছেলেকে হারালাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন কান্নাকাটি করে ও না খেয়ে বাবার কাছ থেকে মোটরসাইকেল আদায় করেছিলেন সুস্ময় সাহা (২০)। কেনার মাত্র চার দিনের মাথায় সেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
সঙ্গে নিহত হন বন্ধু আমিনুর বিশ্বাস (১৯)। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুস্ময় সাহার বাবা সুজয় সাহা চোখের পানি মুছতে মুছতে বলেন, ‘আজ এ গাড়িটিই আমার পরিবারের সারা জীবনের কান্না হয়ে রইল। এটির জন্যই আমার একমাত্র ছেলেকে হারালাম।’
সুস্ময় সাহা বোয়ালমারী পৌর এলাকার আমগ্রাম মহল্লার চামেলী ডেকোরেটরের মালিক সুজয় সাহার একমাত্র ছেলে। দুই ভাইবোনের মধ্যে সুস্ময় ছোট। বড় বোন চামেলী সাহার বিয়ে হয়েছে ফরিদপুর সদরের বাকচর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পূজা উপলক্ষে সুস্ময় একই মহল্লার বন্ধু আমিনুর বিশ্বাসকে নিয়ে গতকাল শনিবার ওই মোটরসাইকেলে চড়ে ফরিদপুর সদরের বাকচরে বোনের বাড়ি যাচ্ছিলেন। পথে তেঁতুলতলায় একটি লোকাল বাসের ধাক্কায় তাঁরা মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে দ্রুতগতির আরেকটি বাস তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই বন্ধু প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে আধা ঘণ্টা পর অবরোধ অপসারণ করে।
সুজয় সাহা বলেন, ‘ছোটবেলা থেকেই সুস্ময়ের মোটরসাইকেলের প্রতি ঝোঁক। কিন্তু দুর্ঘটনার কথা মনে করে আমি এবং ওর মা চম্পা রানী সাহা নানাভাবে ঠেকিয়ে রেখেছি। আট দিন আগে নাছোড়বান্দা ছেলে মোটরসাইকেলের জন্য কান্নাকাটির পাশাপাশি খাওয়া-দাওয়া ছেড়ে দেয়। এভাবে চার দিন যাওয়ার পর গত মঙ্গলবার জমি বিক্রির দুই লাখ ১৬ হাজার টাকা দিয়ে পালসার ব্র্যান্ডের একটি মোটরসাইকেল কিনে দিই।’ বন্ধু আমিনুর বিশ্বাস বোয়ালমারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা আজিজার বিশ্বাস আমগ্রাম মহল্লার বাসিন্দা। পেশায় তিনিও ব্যবসায়ী। তাঁর চার ছেলের মধ্যে আমিনুর তৃতীয়।
আজিজার বিশ্বাস জানান, পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আমিনুর। কিন্তু সে স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেল।
করিমপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আরিফ হোসেন খান বলেন, যে বাসের চাপায় ওই মোটরসাইকেল আরোহী দুই কিশোরের মৃত্যু হয়েছে সেটিও শনাক্ত করা যায়নি।