'মোবারক ও সঙ্গীরা নিয়ে খালেককে হত্যা করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ন ব তা বি রো ধী  অ প রা ধে র  বি চা র
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী আবদুল হামিদ। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে মোবারক ও তাঁর সঙ্গীরা মুক্তিযোদ্ধা আবদুল খালেককে রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতনের পর হত্যা করে। বিচারপতি এ টি এম ফজলে কবীর ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আবদুল হামিদ (৬৭) জবানবন্দিতে বলেন, তাঁর গ্রামের বাড়ি আখাউড়ার নয়াদিল গ্রামে। তিনি তাঁর ভাই আবদুর রউফের কাছে শুনেছেন, রাজাকার মোবারক ও তাঁর সঙ্গীরা মুক্তিযুদ্ধকালে ব্রাহ্মণবাড়িয়া কালীমন্দিরে ভাঙচুর করে এবং নাম পাল্টে ‘রাজাকার মঞ্জিল’ রাখে। সেখানে রাজাকার ক্যাম্প বসানো হয়। এ ছাড়া টানমান্দাইল গ্রামের ৩০-৩৫ জনকে ধরে মোবারক ও তাঁর সঙ্গীরা পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেয়। পরে আটক ব্যক্তিদের গঙ্গাসাগর দিঘির পাড়ে নিয়ে হত্যা করা হয়। ভাইয়ের কাছে তিনি আরও শুনেছেন, মোবারক ও তাঁর সঙ্গীরা ছাতিয়ান গ্রাম থেকে মুক্তিযোদ্ধা আবদুল খালেককে ধরে সুহিলপুর রাজাকার ক্যাম্পে নিয়ে যায়। সেখানে নির্যাতনের পর খালেককে বাকাইল ঘাটে নিয়ে হত্যা করা হয়। জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা মোবারককে শনাক্ত করেন হামিদ। পরে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। নিজামীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য আজ: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী ইউসুফ আলী বিশ্বাসকে জেরা শেষ করে আসামিপক্ষ। আজ বৃহস্পতিবার এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।