'মোবারকসহ অন্য রাজাকাররা ধরে নিয়ে নির্যাতন করে'

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মোগড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মো. আবদুল মালেক। তিনি বলেছেন, একাত্তরে মোবারকসহ অন্য রাজাকাররা তাঁকে ধরে নিয়ে নির্যাতন করে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মালেকের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় মোবারক হাজির ছিলেন।
জবানবন্দিতে আবদুল মালেক (৬৮) বলেন, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার খড়মপুর গ্রামে। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরুর এক মাস পর তিনি ভারতের আগরতলায় চলে যান। সেখানে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শেষে দেশে ফেরেন। তিনি আঞ্চলিক কমান্ডার আবুল বাসারের নির্দেশে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসা মুক্তিযোদ্ধাদের রাস্তাঘাট চিনিয়ে দিতেন। পাশাপাশি বাংলাদেশ থেকে যেসব শরণার্থী ভারতে যেতেন, তাঁদের পৌঁছে দিতেন। তিনি, সিরাজ মিয়া, খাদেম হোসেন ও নূর মিয়া এ দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, এভাবে দায়িত্ব পালন করতে গিয়ে ২৮-২৯ নভেম্বর রাজাকার মোবারক হোসেনসহ অন্য রাজাকার ও পাকিস্তানি সেনারা তাঁদের বাড়ি ঘেরাও করে এবং তাঁকে পিঠমোড়া করে বেঁধে ফেলে। তাঁকে বেঁধে নিয়ে পাশে সিরাজ মিয়ার বাড়ি যায় এবং সিরাজকেও একইভাবে বেঁধে ফেলে। পরে তাঁদের দুজনকে লঞ্চে তুলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় নিয়ে রাখে। পরদিন সকাল আটটা-নয়টার দিকে পাকিস্তানি সেনা, রাজাকারসহ মোবারক তাঁদের গাড়িতে করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর শুরু করে। কক্ষটি ছিল নির্যাতনকেন্দ্র। মারধরের একপর্যায়ে তিনি বেহুঁশ হয়ে যান। জ্ঞান ফিরলে দেখেন, তিনি ও সিরাজ ব্রাহ্মণবাড়িয়া কারাগারে আটক রয়েছেন। আবদুল মালেক বলেন, কয়েক দিন পর তিনিসহ প্রায় ৩০ জনকে গাড়িতে করে মেড্ডা টিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের রক্ত পরীক্ষা করা হয়। তিনিসহ আটজনের রক্ত নেওয়া হয়। পরে তাঁদের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। দুই-তিন দিন পর সিরাজসহ ২০-২৫ জনকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। ওই গাড়িতে জায়গা না হওয়ায় তাঁকে রেখে যায়। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, সিরাজসহ ওই ২০-২৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এর তিন-চার দিন পর তিনি বুঝতে পারেন, দেশ স্বাধীন হয়েছে। স্থানীয় নেতা ও মুক্তিযোদ্ধারা তাঁদের কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসেন। জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা মোবারককে শনাক্ত করেন মালেক। তাঁকে আসামিপক্ষের জেরার জন্য ১৬ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।