'মোবারকের জন্য স্বামীসহ ৩১ জন নিহত হন'

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মোগড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী ভানু বিবি। জবানবন্দিতে তিনি বলেন, শ্বশুরের কাছে শুনেছেন, মুক্তিযুদ্ধকালে মোবারকের জন্য তাঁর স্বামী, ভাশুর ও দুই মামাশ্বশুরসহ ৩১ জন নিহত হন।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ভানু বিবির জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। মোবারক আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
জবানবন্দিতে ভানু বিবি বলেন, সংগ্রামের বছর ৫ ভাদ্র (১৯৭১ সালের ২২ আগস্ট) সকাল ১০টা-১১টার দিকে মোবারক হোসেন তাঁদের বাড়ি গিয়ে শ্বশুর নূর বকশ্ হাজি, স্বামী আবু তাহের ও ভাশুর আবুল বাশারকে বলেন, তাঁদের বাড়িতে শান্তি কমিটির সভা হবে। ওই সভায় সবাইকে উপস্থিত থাকতে হবে, না থাকলে অসুবিধা হবে। ওই দিন বিকেলে মোবারক ও তাঁর সঙ্গীরা, পাঞ্জাবিরা (পাকিস্তানি সেনা) এবং ১৩০-১৩৫ জন লোক তাঁদের বাড়িতে সভা করে। সভার একপর্যায়ে সেখানে উপস্থিত গ্রামের লোকদের রশি দিয়ে বেঁধে নৌকায় করে গঙ্গাসাগর দীঘির পাড়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে তাঁর শ্বশুর, ভাশুর, স্বামী ও দুই মামাশ্বশুর ছিলেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, তিনি শুনেছেন আটক ব্যক্তিদের সেখানে নিয়ে মারধর করা হয়। তাঁদের মধ্যে যাঁরা পবিত্র মক্কা শরিফে গেছেন (হজ করেছেন) তাঁদের হাত তুলতে বলা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে গঙ্গাসাগর দীঘির পশ্চিম পাড়ে নিয়ে গর্ত খোঁড়ানো হয়। সেখানে ৩১ জনকে গুলি করে হত্যা করা হয় বলে তিনি শ্বশুরের কাছে শুনেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তাঁর স্বামী আবু তাহের, ভাশুর আবুল বাশার, মামাশ্বশুর গোলাম মাওলা ও গোলাম হাক্কানীও ছিলেন। শ্বশুরসহ যাঁরা মক্কা শরিফ গিয়েছিলেন, তাঁদের ছেড়ে দেওয়া হয়। শ্বশুর বাড়ি ফিরে জানান, মোবারকের জন্যই লোকগুলো মারা গেছে।
সাক্ষী বলেন, ওই ঘটনার দু-তিন দিন আগে তাঁর স্বামী ও ভাশুর তিনলাখ পীরের সেতু ভেঙে ফেলতে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেন। তাঁরা দুজনই আওয়ামী লীগ করতেন।
জবানবন্দির শেষপর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা মোবারককে শনাক্ত করেন ভানু বিবি। পরে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।