'মোবারকের নেতৃত্বে এক যুবককে হত্যা করা হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী চমন সিকান্দার জুলকারনাইন (৫২)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের অক্টোবরে রাজাকার কমান্ডার মোবারকের নেতৃত্বে এক যুবককে হত্যা করা হয় বলে তিনি শুনেছেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চমনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. আবুল কালাম। মোবারক আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা চমন জবানবন্দিতে বলেন, একাত্তরে তিনি শহরের অন্নদাশঙ্কর উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়তেন। অক্টোবরের শেষ দিকে বিদ্যালয়ের দপ্তরি ছালাম প্রধান শিক্ষকের একটি নোটিশ নিয়ে ক্লাসে গেলে তা পড়ে শোনানো হয়। নোটিশটিতে বলা হয়, বিদ্যালয়ের পূর্বদিকে আনন্দময়ী কালীবাড়িতে এক দুষ্কৃতকারী আটক আছে, ছাত্রদের গিয়ে ওই দুষ্কৃতকারীকে দেখে আসতে হবে। তারপর ক্লাসটিচার আবদুর রউফের নেতৃত্বে তাঁরা ২২-২৩ জন ছাত্র কালীবাড়ি যান। সেখানে বাংলা ও উর্দুতে ‘রাজাকার মঞ্জিল’ লেখা সাইনবোর্ড দেখেন। কালীবাড়ির পশ্চিম দিকের বারান্দায় তাঁরা ১৮-১৯ বছরের এক যুবককে বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দেখেন। তিন-চার দিন পর যুবকটিকে কালীবাড়িতে আর দেখা যায়নি। উপস্থিত মানুষের কাছে শোনেন, আগের রাতে রাজাকার কমান্ডার মোবারকের নেতৃত্বে রাজাকাররা ওই যুবককে কুড়ুলিয়া সেতুর ওপর নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন। সারা দিন তাঁর লাশ খালের পাড়ে পড়ে ছিল।
সাক্ষী জবানবন্দির শেষ পর্যায়ে মোবারককে শনাক্ত করেন। পরে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৬ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আদেশের দিন পুনর্নির্ধারণ: একই ট্রাইব্যুনাল গতকাল ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র ও বিএনপির নেতা জাহিদ হোসেন ওরফে খোকনের
বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ৯ অক্টোবর দিন পুনর্নির্ধারণ করেন।