‘মোর কপালোত জোটে নাই কার্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া এলাকার তিস্তা নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধে ছোট্ট একটি চালাঘরে বাস করেন কাজেলা। বয়স আনুমানিক ৮০ বছর। ছেলেমেয়ে নেই। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছিলেন। কিন্তু দ্বিতীয় স্ত্রীও তাঁর সঙ্গে থাকেন না। সরেজমিনে দেখা যায়, কাজেলার ঘরের চারদিকের বেড়া ও উপরের চাল ভাঙা। একটু বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে। হু-হু করে বাতাসও ঢোকে ঘরে। কাজেলার পাঁজরের হাড়গুলো বেরিয়ে পড়েছে। এখন চলাফেরা করার মতো শরীরে শক্তি নেই। ক্লান্তির স্বরে আধো আধো করে কাজেলা জানান, এক সময় তাঁর আবাদি জমি ও হালের বলদ ছিল। কিন্তু নদী তাঁর সব কেড়ে নিয়েছে। তাই ১৫ বছর ধরে নদীপাড়ের এ বাঁধে তিনি বাস করছেন। কাজেলা বলেন, ‘এলাকার মানুষ খাবার দিলে পেটোত পড়ে। আর কোনো দিন না দিলে না খায়া থাকা নাগে। চেয়ারম্যান-মেম্বারের কাছত কত আবদার করছি, মোর কথা ওমরা কাঁয়ো শোনে নাই। মোর কপালোত জোটে নাই একখান বয়স্কভাতার কার্ড।’ তাঁর প্রতিবেশী আমজাদ বলেন, ‘কাজেলার পাকে তাকায় যায় না বাহে। দেখলে বুকটা ছাঁনাত করি ওঠে। হামরা মাঝে মধ্যে খাবার দেই। অন্যরাও যে যা পারে দেয়।’ দুল মিয়া বলেন, ‘‘মানুষটা কত হাসিখুশিতে বেড়াইছে। এলাও তাঁর ভাগ্যত একটা বয়স্কভাতার কার্ড জুটিল না।’ নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের বলেন, ‘তাঁকে কিছু সুযোগ-সুবিধা দেওয়া হয়।’ তবে কী সুযোগ-সুবিধা দেওয়া হয় জানতে চাইলে তিনি কিছু না জানিয়ে বলেন, ‘দেওয়া হয়, এটুকুই কথা।’