‘মোর ছাওয়াটা খুব খুশি হইছে বাহে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোর স্বামী একজন দিনমজুর। তায় ছাওয়াটাক ভালো শীতের কাপড় কিনি দিবার পারে নাই। আইজ পরথম আলোর নতুন জ্যাকেট পায়া মোর ছাওয়াটা খুব খুশি হইছে বাহে। উয়ার শীতের কষ্ট গেইলো।’লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা গ্রামের আড়াই বছরের শিশু জনি হোসেন একটি জ্যাকেট পাওয়ার পর তার মা জমিলা খাতুন কথাগুলো বলেন। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার লালমনিরহাট সদর উপজেলার কয়েকটি গ্রামে শীতার্ত শিশুদের মধ্যে ১২০টি জ্যাকেট বিতরণ করা হয়। জানা গেছে, সকাল সাড়ে ১০টায় মোগলহাট ইউনিয়নের ইটাপোতা উচ্চবিদ্যালয় মাঠে, দুপুর সাড়ে ১২টায় কুলাঘাটের ধাইখাতায়, দুপুর আড়াইটায় মহেন্দ্রনগরের নওদাবাস ও বেলা সাড়ে তিনটায় রামজীবনে এবং বিকেল সাড়ে চারটায় গোকুণ্ডার আদর্শপাড়া গ্রামে এসব জ্যাকেট বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ইটাপোতা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, কুলাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জাবের হোসেন, জুরাবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল হোসেন, রামজীবন উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ, মোস্তফির হাট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজউদ্দৌলা প্রমুখ। জ্যাকেট বিতরণকালে স্থানীয় প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি আশরাফুজ্জামান মণ্ডল, যুগ্ম সম্পাদক সাহেবর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু মোক্তাদের ও প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব উপস্থিত ছিলেন।বন্ধুসভার কম্বল বিতরণপটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল মঙ্গলবার পটিয়ার হাইদগাঁও ও কেলিশহর গুচ্ছ গ্রাম, আশ্রয়ণ প্রকল্প ও আবাসন প্রকল্প এলাকায় শীতার্ত মানুষের মধ্যে ২০টি কম্বল, ৮১টি সোয়েটার ও ১৫টি পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।গত সোমবার চন্দনাইশ বিজিসি ট্রাস্টের শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া শীতবস্ত্র ও নগদ অর্থসহ পটিয়া বন্ধুসভার সদস্যদের আর্থিক সহযোগিতায় ওই সব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, শিক্ষক সিরাজুল মোস্তফা, গুচ্ছগ্রাম সমিতির সভাপতি আবদুল জব্বার, আশ্রয়ণ প্রকল্প সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, পটিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক আবদুল্লা ফারুক, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন প্রমুখ।