‘মোর বুজি পড়াশুনা অইবে না!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রাহিমা বেগম। গত শুক্রবার ইউনিয়নের ইসলামপুর গ্রামে আকস্মিক টর্নেডোতে গুরুতর আহত হয় সে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাহিমা অসহায় কণ্ঠে বলে ওঠে, ‘ল্যাহা পড়া চালামু ক্যামনে, বই খাতাই তো নাই। মোর বুজি আর পড়াশুনা অইবে না!’টর্নেডোর আঘাতে ছিটকে গাছের ওপরে পড়ায় রাহিমার ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুকে আঘাত লেগেছে। থেতলে গেছে ডান পা। ডান হাতেও ব্যথা পেয়েছে সে। তিন দিন পড়ে ছিল বিনা চিকিৎসায়। গত রোববার সকালে স্থানীয় উপজেলা চেয়ারম্যান দুর্গত ওই এলাকা পরিদর্শনে গিয়ে তার এই অবস্থা দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় শুয়ে রাহিমা বলে, ‘কোমেম গোনে এই রহম বাতাস আইছে, দেখলাম কী উড়াইয়া লইয়া গ্যালে। মোর যহন জ্ঞান ফেরে হেই সময় দেহি একটা গাছের তলায় পইর‌্যা রইছি।’ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক এ এস এম জাহিরুল হাসান বলেন, ‘ওর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। সেরে উঠতে সময় লাগবে। আমরা যথাসাধ্য চিকিৎসা দিচ্ছি।’ বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গত নয় মাসে এক দিনও অনুপস্থিত ছিল না রাহিমা। ভয়াল ওই টর্নেডোর বর্ণনা দিতে গিয়ে রাহিমার বাবা চান মিয়া মুসুল্লি বলেন, ‘অরে যহন গাছতলায় পাই, তহন অর কোনো হুশ আছেলে না। মাইয়াডারে আমতলী হাসপাতালে নেছেলাম। টাকার অভাবে ওষুধ কিন্যা দেতে পারি নাই। হেইয়ার পর বাড়ি ফির‌্যা আইছি। তিন দিন মাইয়াডা বিনা চিকিৎসায়ই আছেলে।’