'মোরা' মোকাবিলায় জোর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে নৌযান। ছবিটি গতকাল বিকেলে টেকনাফের লম্বরী সৈকত থেকে তোলা l প্রথম আলো
ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে নৌযান। ছবিটি গতকাল বিকেলে টেকনাফের লম্বরী সৈকত থেকে তোলা l প্রথম আলো

ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকায় এলাকায় গতকাল সোমবার মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়াসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রস্তুতিমূলক সভা করেছেন প্রশাসনের লোকজন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কক্সবাজার সমুদ্র উপকূলের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিং করা হয়। গতকাল রাত আটটার আগেই উপকূলের অন্তত পাঁচ লাখ মানুষকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসার কথা।
আবহাওয়া অধিদপ্তরের গতকাল দুপুরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মোরা কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ মঙ্গলবার সকালে কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।
সোমবার দুপুরে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আওতাধীন সমুদ্র উপকূলের নাজিরারটেক, ফদনারডেইল, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া ঘুরে দেখা গেছে, লোকজন নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কেউ কেউ ঘরের গৃহপালিত পশু ও মালামাল অন্যত্র সরিয়ে রাখছে। সমুদ্র উপকূলের এসব গ্রামে বসতি করছে জলবায়ু উদ্বাস্তু ও ভাসমান অন্তত ৬০ হাজার মানুষ। অস্থায়ী ঘরবাড়ি তৈরি করেই এসব মানুষ উপকূলে বসতি করে আসছে।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেন, শহরে সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া ও নুনিয়ারছড়া এলাকার মানুষ সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। এসব এলাকায় প্রায় ৬০ হাজার মানুষের বসবাস রয়েছে। তাদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ছয়টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, ইতিমধ্যে জেলার পাঁচ হাজারের বেশি মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। তবে কয়েকটি ট্রলার এখনো ফেরেনি। সেসব ট্রলার কোথায় আছে, খোঁজখবর নেওয়া হচ্ছে।
ঘূর্ণিঝড় মোরা মোকাবিলায় প্রস্তুতি নিতে সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব প্রস্তুতি রাখা হয়েছে। লোকজনের জন্য ৫৩৭টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ছাড়াও উপকূলবর্তী শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে।
টেকনাফ উপজেলা প্রশাসন থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিকের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলার ৬৬টি ইউনিটের ৯৯০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে এবং পাশাপাশি তাদের দিয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ বলেন, সকাল থেকে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর প্রচণ্ডভাবে উত্তাল হয়ে উঠেছে। লোকজনকে সরিয়ে তিনটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও একাধিক হোটেলে রাখা হচ্ছে। সেখানে কোনো পর্যটক নেই।
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিতে প্রস্তুত করা হয়েছে ৫৯টি আশ্রয়কেন্দ্র। রাতেই আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে ইউপিগুলোর পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
ইউএনও নাজমুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, উপকূলে ঝুঁকিতে রয়েছে প্রায় চার হাজার পরিবার। রাতে উপকূলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রগুলোয় অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য ১০ টন চাল ও ৫০ হাজার টাকা পাঠানো হয়েছে।
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও কুমিরা ইউনিয়নের অন্তত দুই কিলোমিটার বেড়িবাঁধ নেই। জলোচ্ছ্বাস হলে ওই দুই ইউনিয়নের ছয়টি গ্রাম ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।
বাঁশবাড়িয়া ইউপির চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ইউপি সদস্যসহ চৌকিদারদের ঝুঁকিপূর্ণ এলাকায় প্রচারণা চালাতে পাঠানো হয়েছে। একই কথা বলেছেন কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।
নোয়াখালী জেলা ও উপকূলীয় তিনটি উপজেলার প্রশাসন গতকাল প্রস্তুতিমূলক জরুরি বৈঠক করে। দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে এবং নিজ নিজ উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা হয়। সভায় ঘূর্ণিঝড় মোরার সম্ভাব্য আঘাত মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল দুপুর থেকে ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়। এ ছাড়া সম্ভাব্য দুর্যোগকবলিত বাসিন্দাদের আশ্রয় দেওয়ার জন্য উপকূলীয় তিনটি উপজেলার ৩১২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ছাড়াও আরও ১০০টি প্রাথমিক বিদ্যালয় ভবন প্রস্তুত রাখা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণকে সচেতন করার লক্ষ্যে জেলার উপকূলীয় অঞ্চল সদর, রামগতি-কমলনগর ও রায়পুরে ইতিমধ্যে মাইকিং শুরু করেছে। ঘূর্ণিঝড় মোকাবিলার করণীয় নিয়ে প্রস্তুতিমূলক সভা গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়সহ প্রতি উপজেলায় একটি করে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।