‘মোস্তফা হত্যায় কামারুজ্জামান জড়িত, তা কখনো শোনেননি’
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার আসামিপক্ষের দ্বিতীয় সাক্ষী আশকর আলীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জবানবন্দিতে তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধকালে শেরপুরে গোলাম মোস্তফা হত্যাকাণ্ডে কামারুজ্জামানের জড়িত থাকার কথা তিনি কখনো শোনেননি।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আশকরের জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন।সাফাই সাক্ষী জবানবন্দিতে আশকর আলী (৭০) বলেন, তাঁর বাড়ি শেরপুরের খরখড়িয়া গ্রামে। একাত্তরে শহীদ গোলাম মোস্তফার বাড়ি তাঁদের পাশের ইউনিয়নে। ১৯৬৫ সালে তিনি মোস্তফার বাড়িসংলগ্ন খরখড়িয়া জুনিয়র বালিকা বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে যোগ দেন। মোস্তফার পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। একাত্তরের আগস্ট মাসের শেষ দিকে তিনি শোনেন, মোস্তফাকে পাকিস্তানি সেনারা মেরে ফেলেছে। মোস্তফার লাশ পরে বাড়িতে আনা হয়। তিনি জানাজায় অংশ নেন।জবানবন্দিতে আশকর দাবি করেন, মোস্তফা হত্যার সঙ্গে কামারুজ্জামান নামের কোনো ব্যক্তি জড়িত—এমন কথা তিনি কখনো মোস্তফার মা-বাবা, প্রতিবেশীদের কাছে শোনেননি।জবানবন্দি শেষে আশকর আলীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। গোলাম মোস্তফা কি আপনার আত্মীয় ছিলেন—আইনজীবীর এ প্রশ্নে আশকর বলেন, না। একাত্তরে আপনাদের এলাকায় পাকিস্তানি সেনাদের যারা সহযোগিতা করেছিল, তাদের নাম জানেন—এ প্রশ্নে তিনি বলেন, এদের মধ্যে মোফাজ্জল, কামরান, সুরুজ্জামান, ছামিদুল ডাক্তার উল্লেখযোগ্য। আর কারও নাম তাঁর মনে নেই।আরেক প্রশ্নের জবাবে সাফাই সাক্ষী বলেন, কামারুজ্জামান যে আলবদর নেতা ছিলেন, তা তাঁরা কখনো শোনেননি।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মত (সাজেশন) দেন, কামারুজ্জামানের লোকজনের মাধ্যমে প্রভাবিত হয়ে ও আর্থিকভাবে লাভবান হয়ে সাফাই সাক্ষী কামারুজ্জামানের নাম গোপন রাখলেন। জবাবে আশকর বলেন, এটি সত্য নয়।আশকরের জবানবন্দির আগে একই ট্রাইব্যুনালে গতকাল আসামিপক্ষের প্রথম সাক্ষী আরশেদ আলীর অসমাপ্ত জেরা শেষ করে রাষ্ট্রপক্ষ। আজ সোমবার এ মামলায় পরবর্তী সাক্ষীর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।