'মোস্তাফিজ' অজুহাতে আটকা আমিনুল হত্যা মামলার তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনুল হত্যার সন্দেহভাজন আসামি মোস্তাফিজুর রহমান
আমিনুল হত্যার সন্দেহভাজন আসামি মোস্তাফিজুর রহমান

গোয়েন্দা সংস্থার কথিত ‘সোর্স’ মোস্তাফিজুর রহমানকে পাওয়া যাচ্ছে না, তাই তদন্তও এগোচ্ছে না। প্রায় এক বছর ধরেই এমন কথা বলে আসছেন আশুলিয়ার শ্রমিক সংগঠক আমিনুল ইসলাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তারা। তাঁরা মনে করছেন, এই মোস্তাফিজকে ধরতে পারলে আমিনুল হত্যার রহস্য উদ্ঘাটিত হবে।অপর দিকে আমিনুলের সহকর্মীদের অভিযোগ, মোস্তাফিজের সঙ্গে সরকারের একটি গোয়েন্দা সংস্থার দুই কর্মকর্তাসহ আরও কিছু ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া গেছে। কিন্তু সেই সব তদন্ত-সূত্র ধরে তদন্ত এগোচ্ছে না। মোস্তাফিজ অজুহাত সামনে এনে তদন্ত ঝুলিয়ে রাখা হয়েছে।আমিনুল হত্যার বিচার না হওয়াটা সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ বাজারসুবিধা (জিএসপি) স্থগিত হওয়ার উল্লেখযোগ্য কারণ। কিন্তু গত ১৫ মাসেও এই মামলার কোনো সুরাহা হয়নি। সর্বশেষ ১০ জুন সরকারের এক তথ্য বিবরণীতে মোস্তাফিজুরকে ধরতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। প্রকাশ করা হয় তাঁর ছবি। এ ছাড়া, গত এক বছরে তদন্ত কর্মকর্তাদের বক্তব্যেরও বিশেষ কোনো পরিবর্তন হয়নি।আমিনুল ইসলাম বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ছিলেন। তিনি গত বছরের ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হন। পরদিন তাঁর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় টাঙ্গাইলের ঘাটাইলে। বেওয়ারিশ হিসেবে আমিনুলের লাশ উদ্ধারের পর ঘাটাইল থানার উপপরিদর্শক শাহীন মিয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে আমিনুলের ভাই রফিকুল ইসলাম এ ঘটনায় সন্দেহভাজন মোস্তাফিজুর রহমান ও বোরকা পরিহিত অজ্ঞাতনামা এক নারীকে আসামি করে ঘাটাইল থানায় আরেকটি এজাহার দেন। এজাহারটি পুলিশের করা হত্যা মামলার সঙ্গে সংযুক্ত করা হয়। বোরকা পরিহিত ওই নারীকে নিয়ে আমিনুলকে ডাকতে গিয়েছিলেন মোস্তাফিজুর।ঘাটাইল পুলিশ কয়েক দিন তদন্তের পরই মামলাটির তদন্তভার পায় টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বছরের ১৬ নভেম্বর থেকে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে সবার তদন্তই মোস্তাফিজুরে এসে আটকে গেছে। পুলিশ সূত্র জানায়, মোস্তাফিজুর একসময় আশুলিয়া কুইন্স সাউথ নামের একটি কারখানার শ্রমিক ছিলেন। ২০০৯ সালে তাঁর চাকরি চলে যায়। এরপর শ্রমিক হিসেবে নিজের পরিচয় দিলেও কোনো কারখানায় কাজ করেননি। পরে টাঙ্গাইল ডিবির তদন্তে বেরিয়ে আসে যে মোস্তাফিজুর ছিলেন একসঙ্গে তিনটি সংস্থার ‘সোর্স’। এই তিনটি সংস্থা হলো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও শিল্প পুলিশ।

টাঙ্গাইল ডিবি সূত্র জানায়, তাদের তদন্তকালে এই তিনটি সংস্থার একাধিক কর্মকর্তার সঙ্গে মোস্তাফিজুরের মুঠোফোন যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। ওই সব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। তদন্তেও বেরিয়ে আসে, মোস্তাফিজ বেপজার মেডিকেল সেন্টারে দৈনিক বেতনভূক কর্মী হিসেবে বেতন পেলেও সেখানে কোনো কাজ করতেন না।

এরপর গত বছরের ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাঞ্চল্যকর মামলা তদারকি সেলের ৭১তম সভায় সিআইডি জানায়, আমিনুল খুন হওয়ার আগে ও পরে  সন্দেহভাজন মোস্তাফিজের সঙ্গে এনএসআইয়ের দুই কর্মকর্তা মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেন। ওই মুঠোফোন নম্বর দুটি ব্যবহার করেন এনএসআইয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ ও মাঠ কর্মকর্তা লুৎফর রহমান। তবে আমিনুল হত্যায় এনএসআইয়ের কর্মকর্তাদের সম্পৃক্ততা আছে কি না, সে ব্যাপারে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

আমিনুলের কর্মস্থল বিসিডব্লিউএসের নির্বাহী পরিচালক কল্পনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘এক বছর ধরে যতবার তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলি, ততবারই তাঁরা বলেন, মোস্তাফিজকে পেলে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করা যাবে।’ তিনি বলেন, ‘মোস্তাফিজের সঙ্গে এনএসআইয়ের দুই কর্মকর্তাসহ যাঁদের যোগাযোগের সূত্র মিলেছে, তাঁদের ধরেও তো তদন্ত এগোতে পারে। কিন্তু সেরকম কোনো কিছু আমরা দেখছি না। আমি বিশ্বাস করি, মোস্তাফিজের সঙ্গে যোগাযোগকারীদের ধরে তদন্ত করলে অবশ্যই তথ্য মিলবে।’

তবে মামলাটির বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘এই হত্যার রহস্য উদ্ঘাটনে মোস্তাফিজুরকে পেতে হবে। আমরা তাঁকে পাওয়ার চেষ্টা করছি। তাঁকে ধরতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।’