‘মৌলবাদী গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘মৌলবাদী গোষ্ঠী সুপরিকল্পিতভাবে দেশের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি নীরব থেকে এই ষড়যন্ত্রকে সহায়তা করছে। সম্প্রতি জামায়াত যেভাবে পুলিশের ওপর ঝটিকা হামলা চালিয়েছে, তাতে বোঝা যায় যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে তারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তবে তারা সফল হবে না। জনগণের প্রতিরোধে তাদের পরাজয় ঘটবে।’রুশ অক্টোবর বিপ্লববার্ষিকী উপলক্ষে পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে গত রোববার আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার উদ্যোগে দিবসটি পালন করা হয়। শোভাযাত্রা, গণসংগীত, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে এই বার্ষিকী উদ্যাপন করা হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে চাটমোহর উপজেলার বিলকুরুলিয়ার শত শত ভূমিহীন নারী ও পুরুষ অংশ নেন। তাঁরা বিলের খাসজমিতে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। বিকেল চারটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপর গণসংগীত পরিবেশন করেন পাবনার আফা একাডেমির শিল্পীরা। ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।