জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্বকে রক্ষায় অনন্য অবদান রাখছে ম্যানগ্রোভ বন। তাই ম্যানগ্রোভ বন রক্ষায় বৈশ্বিক সমন্বয় দরকার।
গতকাল মঙ্গলবার কক্সবাজারের একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘ম্যানগ্রোভ ফর দ্য ফিউচার (এমএফএফ)’-এর আঞ্চলিক স্থায়ী কমিটির দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ম্যানগ্রোভ বন রয়েছে এমন ১১টি দেশ নিয়ে গঠিত হয়েছে এমএফএফ নামের সংগঠন। এটি আঞ্চলিক স্থায়ী কমিটির ১৩তম সম্মেলন।
বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং এমএফএফের বাংলাদেশের স্থায়ী কমিটি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান, সিসিলি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিয়েছে। এ ছাড়া এই সংগঠনে অন্তর্ভুক্ত হতে আগ্রহী দেশ চীনের প্রতিনিধিও সম্মেলনে অংশ নেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ পারিষদের এশিয়ার পরিচালক আবান মার্কার কাবরাজি ও প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমদ। এমএফএফের বাংলাদেশপ্রধান ইশতিয়াক উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, টেকসই উন্নয়নের ক্ষেত্রে উপকূলীয় বন রক্ষায় বিকল্প নেই। তাই আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতায় বন সংরক্ষণ করা প্রয়োজন।
বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ম্যানগ্রোভ রক্ষায় এমএফএফের প্রচেষ্টা প্রশংসনীয়। তিনি বলেন, সামুদ্রিক সম্পদ রক্ষা করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক।