'ম্যান্ডেলার স্মৃতি চির অম্লান হয়ে থাকবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেলসন ম্যান্ডেলা ছিলেন এক অসাধারণ বিপ্লবী। দীর্ঘ সংগ্রামী জীবনে তিনি প্রমাণ করেছেন, কোনো আত্মদানই বৃথা যায় না। সাম্য-মুক্তির সংগ্রামে তাঁর স্মৃতি চির অম্লান হয়ে থাকবে। বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণসভায় এ কথাগুলো বলেন বক্তারা।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এ সভার আয়োজন করে। বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ম্যান্ডেলার অকুণ্ঠ সমর্থন ছিল। আফ্রিকার বর্ণবাদবিরোধী সংগ্রাম ও বাংলাদেশের মুক্তিসংগ্রাম একই সূত্রে গাঁথা। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি যে সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, তা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল।

স্মরণসভায় সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন প্রমুখ।