'ময়মনসিংহের উন্নয়নের দ্বার খুলেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ বলেছেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে ময়মনসিংহ অঞ্চল। বিভাগ প্রতিষ্ঠার পর ময়মনসিংহের উন্নয়নের দ্বার খুলেছে।
গতকাল শনিবার ‘ময়মনসিংহ বিভাগ উন্নয়ন ভাবনা’ শীর্ষক নাগরিক সংলাপে মুখ্যসচিব এসব কথা বলেন। আবুল কালাম আজাদ আরও বলেন, ব্রহ্মপুত্র নদের ওপারে (শহরের ওপারে) বিভাগীয় কার্যালয়সহ নানা ধরনের স্থাপনা করে নতুন ময়মনসিংহ শহর তৈরি করা হবে। সেখানে থাকবে নভোথিয়েটার, পার্কসহ পরিকল্পিত আবাসিক এলাকা। এ নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টায় তারেক স্মৃতি মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ মজিবুর রহমান ফকির, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক আবদুল হান্নান, এফবিসিসিআইয়ের পরিচালক আমিনুল হক প্রমুখ।
জেলা নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপের শুরুতে ময়মনসিংহ বিভাগ উন্নয়নের ধারণাপত্র পাঠ করেন নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন।