ক্লিনিকের ওয়ার্ড-কেবিনে রোগী ভরা। সাদা অ্যাপ্রোন পরা নার্সরাও ছোটাছুটি করছেন। অস্ত্রোপচার কক্ষও (ওটি) সাজানো রয়েছে যন্ত্রপাতিতে। সবই আছে, নেই শুধু সার্বক্ষণিক চিকিৎসক। যখন যাঁকে পাওয়া যাচ্ছে, সেই চিকিৎসককে ডেকে এনেই রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
ঠাকুরগাঁওয়ের অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিত্র এটি।
বেসরকারি হাসপাতালের কার্যক্রম নিয়ন্ত্রণে ১৯৮২ সালে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স প্রণয়ন করা হয়। অর্ডিন্যান্সে বেসরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে রোগীর অস্ত্রোপচার, চিকিৎসা ও তত্ত্বাবধানের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রতি ১০ শয্যার জন্য একজন সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসক থাকার কথা বলা হয়েছে। কিন্তু জেলার অধিকাংশ হাসপাতাল ও ক্লিনিকে রোগীর দেখা পেলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি চিকিৎসক।
পঞ্চগড়ের বোদার ধনীপাড়া গ্রামের জয়নাল হকের স্ত্রী মালেকা বেগম (৪০) গত রোববার অসুস্থ হয়ে পড়েন। জয়নাল তাঁকে বোদা উপজেলার নিরাময় ক্লিনিকে নিয়ে যান। সেখানে মালেকার শারীরিক অবস্থার অবনতি হলে ক্লিনিকের ব্যবস্থাপক বিষয়টি নিয়ে ঠাকুরগাঁও শহরের এলিজা ক্লিনিকের মালিকের ভাই দারাজ উদ্দিনের সঙ্গে কথা বলেন। পরে মালেকাকে দারাজ উদ্দিন তাঁদের ক্লিনিকে নিয়ে আসতে বলেন। এরপর মালেকাকে এলিজা ক্লিনিকে আনা হয়। সেখানে সোমবার মালেকা মারা যান। জয়নালের দাবি, ওই ক্লিনিকে চিকিৎসক না থাকার পরও তাঁর মুমূর্ষু স্ত্রীকে পাঠানো হয়।
ঠাকুরগাঁও শহরের সিরাজউদ্দৌলা সড়কের সরকারপাড়া মহল্লায় ১০ শয্যার এলিজা ক্লিনিক। গত সোমবার ক্লিনিকে কথা হয় দারাজের সঙ্গে। তিনি বলেন, ক্লিনিকে অস্ত্রোপচারসহ সব ধরনের চিকিৎসার সুবিধা রয়েছে। রয়েছে সুসজ্জিত অস্ত্রোপচার কক্ষও। রোগীদের একজন এমবিবিএস চিকিৎসক তত্ত্বাবধান করেন।
খোঁজ নিয়ে দেখা গেছে, এলিজা ক্লিনিকে চিকিৎসক হিসেবে দেখানো হচ্ছে জিয়াউল হাসানের নাম। তবে জিয়াউলকে গত বৃহস্পতিবার দুপুরে শহরের স্টেডিয়ামের পাশে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাওয়া যায়। সেখানে তিনি চিকিৎসা দিচ্ছিলেন। জিয়াউল বলেন, তিনি কোনো ক্লিনিকে স্থায়ীভাবে বসেন না। যখন যে ক্লিনিকে ডাক পান, তখন সেখানে চিকিৎসা দেন।
এ ছাড়া শহরের তাঁতীপাড়ায় ১০ শয্যার সেভেন ডে নার্সিং হোম, নর্থ সার্কুলার সড়কে ২০ শয্যার ডক্টর ইউসুফ হাসপাতাল, বঙ্গবন্ধু সড়কের সুশ্রী নার্সিং হোম, ফ্রেন্ডস অ্যাপোলো হাসপাতাল, সিটি ক্লিনিক, নিউ স্কয়ার ক্লিনিক, সবুজ ক্লিনিক, ডে নাইট নার্সিং হোম, জেনারেল হাসপাতালসহ আরও কয়েকটি ক্লিনিকে প্রসূতির অস্ত্রোপচারসহ সব ধরনের অস্ত্রোপচারের ব্যবস্থা রয়েছে। তবে সেখানে সার্বক্ষণিক চিকিৎসক নেই।
ডক্টর ইউসুফ হাসপাতালে বৃহস্পতিবার কথা হয় সদর উপজেলার পাটিয়াডাঙ্গী গ্রামের আজাহার আলীর সঙ্গে। তিনি বলেন, ক্লিনিকে রোগী আসার পর চিকিৎসক পেতে তাঁকে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। হাসপাতালের কর্মকর্তা রুহুল আমীন বলেন, ‘ফোন দিলে ডাক্তার তাৎক্ষণিক চলে আসেন। তবে অন্য কোনো ক্লিনিকে ব্যস্ত থাকলে তাঁদের আসতে দেরি হয়। এ কারণে ঝুঁকিপূর্ণ রোগী দেখলে তাঁকে অন্য হাসপাতালে পাঠাই।’
সিটি ক্লিনিকের ব্যবস্থাপক নয়ন আহমেদ বলেন, ‘ক্লিনিকে অনেক চিকিৎসকই আসেন। যখন যাঁকে পাই, তাঁকে ডেকে আনি। এতে সেবার মানের ওপর কোনো প্রভাব পড়ে না।’
মাম হাসপাতালের মালিক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা হাসপাতালে একজন সার্বক্ষণিক চিকিৎসক ধরে রেখেছি।’
ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু মো. খয়রুল কবীর বলেন, জেলা হাসপাতালে রোগীর চাপের কারণে বেসরকারি হাসপাতালগুলোর প্রতি তাঁরা কিছুটা নমনীয় থাকছেন। তবে ক্লিনিক-হাসপাতালগুলোতে সেবার মান নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছেন।