‘যত কষ্ট সাধারণ মাইনষের’
‘দুই দিন ধইরা মেসের বিল, গাড়ি জমার পয়সাই জুটাইতে পারি না। হরতালে শুধু গরিব মানুষই মরতাছে। যত কষ্ট সাধারণ মাইনষের।’ কথাগুলো রিকশাচালক লোকমান সরকারের (২১)। তাঁর বাড়ি রংপুরে। মাস খানেক ধরে মৌলভীবাজার শহরে রিকশা চালান লোকমান। লোকমানের সঙ্গে কথা হয় গতকাল সোমবার দুপুরে। কথার এক ফাঁকে কিছুটা ভীতস্বরে লোকমান বললেন, ‘এই যে কথা বলতাছি, আমার কোনো ক্ষতি হইব না তো আবার! চাইরদিকে তো ভাঙচুর আর জ্বালাওপোড়াও।’লোকমান জানান, তাঁর প্রতিদিনের মেসভাড়া লাগে ৮০ টাকা, রিকশার জমা ৫০ টাকা ও নিজের খরচ কম করে হলেও ৫০ টাকা করে লাগে। তিনি বলেন, হরতালের কারণে শহরে মানুষ কম। যাত্রীও নেই। তাই প্রতিদিনের এই খরচটাও তিনি তুলতে পারছেন না।এ অবস্থা লোকমান হোসেনের একার নয়। তাঁর মতো স্বল্প আয়ের মানুষেরা টানা হরতালের কারণে বিপাকে পড়েছেন। মৌলভীবাজার শহরের কোর্ট রোডে জুতা সেলাই ও রং দেওয়ার কাজ করেন রনি ঋষি (১৯)। গতকাল দুপুরে কাজ না থাকায় একটি দোকানের বারান্দায় বসেছিলেন তিনি। রনি বললেন, ‘হরতালে সবকিছু বিনাশ। হরতাল ছাড়া দিনে ২০০-৩০০ টাকা রুজি করি। এখন ৫০ টাকাও মিলাইতে পারি না। এভাবে জীবন চলে না।’ একই অবস্থা মাসুক মিয়ারও (৪২)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ২০০৯ সাল থেকে মৌলভীবাজার শহরে শরবত বিক্রি করেন তিনি। গতকাল দুপুরে শহরের প্রেসক্লাব মোড়ে আলাপ হয় মাসুক মিয়ার সঙ্গে। তিনি বললেন, ‘মানুষ নাই। বেচাকিনা নাই। আমরা গরিবর লাগি অবস্থা খুব খারাপ। কিতার লাগি যে হরতাল দিছে, তারও পুরাটা জানি না। দিনে ৮০০-৯০০ টাকা বিক্রি করতাম। এখন ৩০০ টাকা বিক্রি করাও মুশকিল।’ দিনাজপুরের পার্বতীপুরের মশিউর রহমান (২৪) মৌলভীবাজার শহরে রিকশা চালান। তিনি বলেন, ‘কাইল (রোববার) রিকশা লইয়া বাইর অই নাই। আমরার তো জীবনের দাম আছে। আমরার কথা কেউ শুনবো না। আমরারে নিয়া কেউ ভাবে না।’ নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘হরতাল প্রতিবাদ জানানোর একটি গণতান্ত্রিক পদ্ধতি। কিন্তু এখন যেভাবে হরতাল হচ্ছে, তাতে সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন হরতালের বিকল্প পদ্ধতি খুঁজে বের করা দরকার।’