'যত দিন কর্মক্ষম থাকি, তত দিনই যেন বাঁচি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক তাঁর ৭৭তম জন্মদিনের অনুষ্ঠানে নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি যত দিন কর্মক্ষম থাকি, তত দিনই যেন বাঁচি। কর্মক্ষম না থাকলে তাকে আর বেঁচে থাকা বলে না। তবে আমি যে কাজ করছি, তার জন্য যেন আরও একটু সময় পাই।’
হাসান আজিজুল হক আরও বলেন, ‘বহু দিন আগে কী করে জানি রাজশাহীতে এলাম। তখনই রাজশাহীকে ভালোবেসে ফেলি। কিন্তু তখনো ভাবিনি রাজশাহী আমার শহর হবে। শেষ পর্যন্ত রাজশাহীতেই থেকে গেলাম। জীবনের বাকি সময় আর রাজশাহী ছাড়ার সম্ভাবনা নেই।’ তিনি রাজশাহীর মানুষকে উদ্দেশ করে বলেন, ‘আমি আপনাদেরই মানুষ। ধন-দৌলত যাই বলেন, ভালোবাসার চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমি জীবনে অশেষ ভালোবাসা পেয়েছি।’
গতকাল সোমবার কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ৭৭তম জন্মদিন ছিল। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসের বাসায় কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জের ব্যানারে নগরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যায় কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কেক কাটার আগে কবি জুলফিকার মতিন, কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক, সাধারণ সম্পাদক আরিফুল হক, সাহিত্যিক সনৎ কুমার সাহা বক্তব্য দেন। এ সময় হাসান আজিজুল হককে উদ্দেশ করে কলামিস্ট ফজলুল হকের লেখা কবিতা পাঠ করেন কবি রুহুল আমিন প্রামাণিক।
কেক কাটার পরে রাজশাহীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে হাসান আজিজুল হককে শুভেচ্ছা জানায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উদীচী, প্রগতিশীল লেখক সংঘ, রাজশাহী সাহিত্য পরিষদ, নজরুলসংগীত সম্মিলন পরিষদ, মুক্তিযুদ্ধ পাঠাগার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, খেলাঘর আসর, বাংলাদেশ গ্রাম থিয়েটার-ইলামিত্র অঞ্চল, রাজশাহী ফিল্ম সোসাইটি, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ও বেসরকারি সংস্থা সিসিবিভিও। এ ছাড়াও ব্যক্তিগতভাবে নগরের বিশিষ্ট ব্যক্তিরা হাসান আজিজুল হককে জন্মদিনের শুভেচ্ছা জানান। শেষে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সংগীত পরিবেশন করে।